উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অগ্রহায়ন মাসে অসময়ের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উদ্বেগ বাড়ছে সুন্দরবনের কৃষকদের মধ্যে।মাঠে পাকা আমন ধান। কোথা ও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কাটা ধান শুকোনোর কাজ চলছে। ঠিক সেই সময় প্রাকৃতিক দুর্যোগের জেরে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।বৃষ্টির জলে জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান নুয়ে পড়ার পাশাপাশি কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।বিশেষ করে সুন্দরবনের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী কৃষি এলাকা গুলিতে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চাষিরা। উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ ও দক্ষিন ২৪ পরগনার জয়নগর কুলতলি, রায়দীঘি,মথুরাপুর,পাথরপ্রতিমা,কাকদ্বীপ সাগর, ক্যানিং, গোসাবা সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের আশঙ্কা,বৃষ্টির পরিমাণ বাড়লে আমন ধানের ফলন ও গুণগত মান দুই-ই ক্ষতিগ্রস্ত হতে পারে।জয়নগর কুলতলির একাধিক কৃষকরা বলেন, কয়েক মাস ধরে ধারদেনা করে চাষ করেছেন তাঁরা। সার, বীজ, কীটনাশক, সেচ এবং শ্রমিকের পিছনে প্রচুর টাকা খরচ হয়েছে। এখন ফসল ঘরে তোলার মুখে দুর্যোগের কারণে সেই পরিশ্রমের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পাকা ধানগাছ জমিতে শুয়ে পড়ে ধান কাটতে সমস্যা হয়েছে। দীর্ঘক্ষণ জমিতে জল জমে থাকলে ধানের শিষ ও গোড়ার ক্ষতি হতে পারে। অন্যদিকে, কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে গেলে ধানের রং নষ্ট হওয়া, ছত্রাকের সংক্রমণ এবং সংরক্ষণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এর ফলে বাজারে ধানের দামও কম পাওয়ার আশঙ্কা থাকে।সুন্দরবনের মতো উপকূলবর্তী এলাকায় আরও একটি বড় উদ্বেগ হল নোনা জলের অনুপ্রবেশ। নদী বা বাঁধ উপচে নোনা জল কৃষি জমিতে ঢুকলে মাটির লবণাক্ততা বেড়ে গিয়ে পরবর্তী মরশুমের চাষেও সমস্যা তৈরি হতে পারে।তাই এই সময়ে কৃষকদের উচিত, যে সমস্ত জমিতে ৮০ শতাংশ বা তার বেশি ধান পেকে গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বুঝে দ্রুত ধান কাটার ব্যবস্থা করুন। প্রয়োজনে কৃষিযন্ত্র বা কম্বাইন হারভেস্টারের সাহায্য নিন। বৃষ্টিতে ধানগাছ মাটিতে শুয়ে পড়লে কয়েকটি গোছা এক সঙ্গে বেঁধে তুলে রাখার চেষ্টা করুন। এতে ধানের শিষ জমির জলের সংস্পর্শে আসার আশঙ্কা কমবে।
তবে জমির পরিস্থিতি বুঝে দ্রুত ফসল কাটাই সবচেয়ে ভালো।ধান ও অন্যান্য ফসলের জমিতে অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত নিকাশি নালা পরিষ্কার করে জল বের করার ব্যবস্থা করুন। বিশেষ করে নিচু জমির দিকে নজর রাখুন।মাঠে কেটে রাখা ধান খোলা জায়গায় ফেলে রাখবেন না। বৃষ্টির জল থেকে বাঁচাতে উঁচু ও শুকনো জায়গায় রাখুন। সম্ভব হলে ত্রিপল দিয়ে ঢেকে দিন। ভিজে যাওয়া ধান দ্রুত শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় ছড়িয়ে দিন। বৃষ্টি চলাকালীন জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ না  করা উচিত। বৃষ্টির জলে ওষুধ ও সার ধুয়ে যাওয়ার পাশাপাশি অর্থের অপচয় হতে পারে।  অতিরিক্ত ভেজা জমিতে আলু লাগানো থেকে বিরত থাকুন।
মাটির অতিরিক্ত আর্দ্রতায় বীজ আলু পচে যাওয়ার আশঙ্কা থাকে। একইভাবে টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি-সহ বিভিন্ন সবজির জমিতে জল জমতে দেবেন না। বৃষ্টির পর ধান ও সবজিজমিতে রোগের প্রকোপ বাড়তে পারে। তাই নিয়মিত ফসল পর্যবেক্ষণ করুন। রোগের লক্ষণ দেখা দিলে নিজের ইচ্ছেমতো ওষুধ ব্যবহার না করে স্থানীয় কৃষি আধিকারিক বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শ নিন।সুন্দরবন উপকূলবর্তী এলাকার কৃষকদের জমিতে নোনা জল ঢুকেছে কি না, সেদিকে নজর রাখতে হবে। নোনা জল ঢুকে থাকলে সংশ্লিষ্ট কৃষি আধিকারিকের সঙ্গেযোগাযোগ করে জমির লবণাক্ততা কমানোর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সুন্দরবনের কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে মাঠে পাকা ধান, অন্যদিকে অসময়ের বৃষ্টি—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে এখন দিশেহারা কৃষকরা। কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আগাম সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে হবে।