বিপুল শঙ্কর বসু: পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবের সই যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া পঞ্চায়েতে। এই ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম আইনুল হক। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন চোপড়া পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব সংক্রান্ত সই যাচাইয়ের প্রক্রিয়া চলছিল।
অভিযোগ, সেই গন্ডগোলের মাঝেই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার আইনুল হকের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করা হয়। এই হামলার ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার জেরে পঞ্চায়েত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে, তার জন্য গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
#####