পারভেজ হোসেন: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিকে হাতিয়ার করে এক গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে। প্রায় চার মাস ধরে ওই গৃহবধূকে নানা প্রলোভন দেখিয়ে শহরের বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর স্বামী ও সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি নির্যাতিতার। সোমবার ক্যামেরার সামনে গোটা ঘটনা তুলে ধরেন শাশুড়ি ও বৌমা। তাঁদের অভিযোগ সামনে আসতেই অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভে শামিল হন এলাকার মহিলারা।


ঘটনাটি কোচবিহারের সিতাই বিধানসভার অন্তর্গত দিনহাটা-১ ব্লকের বোয়ালমারির। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ২২৪ নম্বর বুথের বিজেপি সভাপতি প্রশান্ত মণ্ডল। জানা গিয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হলে ওই এলাকার এক গৃহবধূ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেন। সেই সংক্রান্ত সাহায্যের আশায় তিনি বুথ সভাপতির দ্বারস্থ হন। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগিয়ে তাঁকে হোটেলে যাওয়ার প্রস্তাব দেন প্রশান্ত মণ্ডল।

গৃহবধূর অভিযোগ, পরবর্তী সময়ে বিভিন্ন অছিলায় তাঁকে শহরের একাধিক হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য চাপ দেওয়া হত। তিনি তাতে সম্মতি না দিলে পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হতো। এমনকি তাঁর স্বামী ও সন্তানকে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। পাশাপাশি, গ্রামেও তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয় বলে দাবি পরিবারের।
সোমবার বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তবে বিক্ষোভ চলাকালীন বাড়িতে উপস্থিত ছিলেন না প্রশান্ত মণ্ডল। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, অভিযোগের বিষয়টি সামনে আসার পর দলীয় পদক্ষেপের কথা জানিয়েছেন পাঁচ নম্বর মণ্ডল সভাপতি সন্তু রায়। তাঁর বক্তব্য, প্রশান্ত মণ্ডলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। বর্তমান অভিযোগের পাশাপাশি আগের ঘটনাগুলিও বিবেচনা করে তাঁকে দলের সমস্ত ধরনের কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।