পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলা আকাদেমিতে বিপুল টাকার দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের পর এবার প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধেও তদন্ত শুরু করল রাজ্যের প্রাতিষ্ঠনিক দুর্নীতি দমন কমিশন। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এই তদন্তের সূত্রে বুধবারই বাংলা আকাদেমি তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ১১ জন আধিকারিককে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহের পর প্রাক্তন মন্ত্রী তথা বাংলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান ব্রাত্য বসুকেও তলব করে জেরা করা হতে পারে বলে কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি বিধাননগর পুলিশ কমিশনারেটের বাগুইআটি থানায় ব্রাত্য বসু, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ প্রায় ৪০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে একটি জিরো এফআইআর দায়ের হয়। সেখানে তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্তা, তোলাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার তদন্ত শুরু করেছে পুলিশ।
কমিশন সূত্রে খবর, তলব করা ১১ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতির নেপথ্যে প্রাক্তন দুই মন্ত্রীর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হবে। যেহেতু ইন্দ্রনীল সেন বর্তমানে জেলবন্দি, তাই তাঁকে কমিশনের দপ্তরে তলব করা সম্ভব নয়। সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা আলোচনাসাপেক্ষ বলে জানানো হয়েছে।
এদিকে, এই ঘটনায় দুর্গাপুরে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তীব্র আক্রমণ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ, তৃণমূলের মন্ত্রী ও নেতারা শিক্ষিত মহিলাদের কখনও শারীরিকভাবে, আবার কখনও মানসিকভাবে ব্যবহার করেছেন। ব্রাত্য বসুকে নিশানা করে সৌমিত্র বলেন, তৃণমূলের সমস্ত সুবিধা ভোগ করার পর এখন পরিস্থিতি বদলাতেই সেই দলকে বর্জ্য পদার্থ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ব্রাত্য বসু এবং তাঁর লোকজন যেভাবে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, তার বিচার একদিন হবেই বলে দাবি করেন তিনি। তবে ব্রাত্য বসু বিজেপিতে যোগ দেবেন কি না, সেই প্রশ্নের উত্তরে সৌমিত্র জানান, এ বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে।