পুবের কলম ওয়েব ডেস্ক: গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা এবং দেব দীপাবলি একই দিনে তিন ধর্মীয় অনুষ্ঠানের পবিত্র সকালে মঙ্গলবার বালির গুরু গোবিন্দ সিংজির গুরুদ্বারে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে গুরুদ্বার কমিটির সদস্যরা উত্তরীয় এবং শিখদের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে তাঁকে স্বাগত জানান। সেখানে গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে সকলের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত ও অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী। শিখ সম্প্রদায়ের আবেদন মেনে গুরুদ্বার চত্বরে সরকারিভাবে একাধিক কাজের আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি সওয়াল করেন, রাজ্যে হজ ভবন থাকলে কেন গুরু নানক ভবন হবে না?
এদিন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁদের সঙ্গে নিজের পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের প্রায় সমস্ত ধর্মীয় উৎসবেই শামিল হতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে হুল দিবস থেকে শুরু করে গোবর্ধন পুজো, জগদ্ধাত্রী এবং ছটপুজো—সব উৎসবেই অংশ নিয়েছেন তিনি। শিখদের অন্যতম বড় উৎসব গুরু নানক জয়ন্তীতেও তার ব্যতিক্রম ঘটল না। তবে সাম্প্রতিক অতীতে এক শিখ পুলিশ অফিসারকে শুভেন্দুর ‘খলিস্তানি’ তকমা দেওয়ার বিতর্ক এখনও অনেকেই ভোলেননি। এদিন সকাল সকাল বালির পুরনো গুরুদ্বারে গিয়ে তাঁর আত্মীয়তার বার্তা ও দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস কি সেই পুরনো ক্ষতে প্রলেপ দেওয়ারই চেষ্টা রাজনৈতিক মহলে মৃদু হলেও উঠছে সেই প্রশ্ন।