পূবের কলম ওয়েব ডেস্ক: বেআইনিভাবে পাথরচিপস পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ছয় চাকার ট্রাক আটক করল পাইকর থানার পুলিশ। রবিবার রাতে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে ট্রাক দুটিকে আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে এক ট্রাকচালককে। পুলিশ সূত্রে খবর, আটক ট্রাক দুটিতে প্রায় ১২০০ ঘনফুট পাথরচিপস মজুত ছিল। পরিবহণ সংক্রান্ত বৈধ নথি না থাকায় দুটি ক্ষেত্রেই মামলা দায়ের করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ মিত্রপুর নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশির সময় পাথরচিপস বোঝাই একটি ছয় চাকার ট্রাকের গতিরোধ করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। ট্রাকের চালক মেহেদি হাসান শেখ (২৭)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলায়। পাথরচিপস পরিবহণের বৈধ চালান দেখাতে না পারায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জেরায় তিনি ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে পাথরচিপস সংগ্রহের কথা স্বীকার করেন।
এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
এর কয়েক ঘণ্টার ব্যবধানে রাত প্রায় ১১টা ১০ মিনিট নাগাদ দ্বিতীয় অভিযান চালানো হয় বারশাপুকুর মোড়ের কাছে কাশিমনগর কালভার্ট সংলগ্ন এলাকায়। গোপন সূত্রে অবৈধ পাথরচিপস পরিবহণের খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। পুলিশের নজরে আসে আরও একটি ছয় চাকার পাথরচিপস বোঝাই ট্রাক। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক-সহ কয়েকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
ট্রাকটি আটক করে তল্লাশি চালালে প্রায় ৬০০ ঘনফুট পাথরচিপস পাওয়া যায়। এই ট্রাকের ক্ষেত্রেও পরিবহণের কোনও বৈধ চালান মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এক রাতের ব্যবধানে দুটি পৃথক অভিযানে মোট দুটি ট্রাক আটক এবং একজনকে গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাথরচিপসের উৎস ও বেআইনি পরিবহণের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পাইকর থানার পুলিশ। পৃথক দুটি ঘটনার তদন্ত শুরু হয়েছে।