পুবের কলম, ওয়েবডেস্ক: প্যাকেটজাত পানীয় জলের নমুনা পরীক্ষায় ‘অনিরাপদ’ প্রমাণিত হওয়ায় জনপ্রিয় ব্র্যান্ড বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমোদন দিল দেশের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI)। রবিবার, ২২ নভেম্বর এক সমাজমাধ্যম পোস্টে এফএসএসএআই-এর তরফে এই কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। পাশাপাশি, খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে আরও বেশ কয়েকটি খাদ্য প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের, লাইসেন্স স্থগিত এবং বাজার থেকে পণ্য প্রত্যাহারের নির্দেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা।
এফএসএসএআই জানিয়েছে, নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিসলেরি ইন্টারন্যাশনালের প্রাঙ্গণ থেকে ‘প্যাকেটজাত পানীয় জল (মিনারেল ওয়াটার ব্যতীত)’-এর একটি নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, জলের ওই নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ‘ব্রোমেট’ রয়েছে।
পরবর্তীকালে সংস্থার আবেদনের ভিত্তিতে ওই নমুনাটি ‘রেফারেল ফুড ল্যাবরেটরি’-তে পুনঃপরীক্ষার জন্য পাঠানো হয়। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষাতেও নমুনাটিতে ক্ষতিকর ‘পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন’-এর উপস্থিতি মেলায় সেটিকে ফের ‘অনিরাপদ’ বলে ঘোষণা করা হয়। পরীক্ষাগারের এই রিপোর্টে আইনের অধীনে অনিরাপদ খাদ্য সংক্রান্ত বিধিভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমোদন দিয়েছে এফএসএসএআই।
এক বিবৃতিতে বলা হয়েছে, বিসলেরির পাশাপাশি বসন্ত মশলা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মীমাংসা ইন্ডাস্ট্রিজ এবং আশা কনফেকশনারির বিরুদ্ধেও আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে।