পুবের কলম ওয়েব ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সিতে বেঞ্জামিন নেতানিয়াহুর ফেরার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ইতিমধ্যেই তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে ২৮ দিনের সময় দিয়েছেন। কিন্তু এই পরিস্থিতির মাঝেই নাটকীয় মোড় নিল ইজরায়েলের রাজনীতি। এবার সরকার গঠনের জন্য নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকেই ডাক দিলেন আইজেনকোট। শনিবার দলের তরফে এই খবর জানানো হয়েছে।
আইজেনকোটের দল ইয়াশার পার্টিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রবিবার থেকেই আলোচনা শুরু হবে এবং এই বৈঠকটিকে তারা ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছে।গত অক্টোবরের নির্বাচনে ইজরায়েলে কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপরই প্রেসিডেন্ট আগামী মাস পর্যন্ত সময় দিয়ে আইজেনকোটকে সরকার গঠনের আহ্বান জানান। কিন্তু নতুন সরকার গড়া নিয়ে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের অন্দরেই মতপার্থক্য তৈরি হয়েছে। এক পক্ষের দাবি, ইহুদি ‘আল্ট্রা-অর্থোডক্স’ দলগুলির সঙ্গে জোট করে সরকার গড়া হোক। অন্যদিকে, অপর পক্ষের দাবি আরব দলগুলির সঙ্গে হাত মেলানোর। এই টানাপোড়েনে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতেই লিকুদ পার্টিকে আলোচনার ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, আইজেনকোট শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার আইজেনকোটের নেতৃত্বে একটি ‘জিওনিস্ট ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তবে তাঁর দল যে কোনওভাবেই নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে যুক্ত হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন বেনেট। অন্যদিকে, আইজেনকোটের আহ্বানের পর নিজেদের অবস্থান জানিয়ে কিছু শর্ত আরোপ করেছে লিকুদ পার্টি। তাদের দাবি, নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে সব ধরনের ব্যক্তিগত আক্রমণ ও উসকানি বন্ধ করতে হবে এবং বয়কটের মনোভাব প্রত্যাহার করতে হবে।