পুবের কলম, লখনউ: উত্তরপ্রদেশে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ‘সবার ইনস্টিটিউট’-এর এক সাম্প্রতিক প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে ‘নিখোঁজ বা অনুপস্থিত’ এবং ‘অন্যত্র নথিভুক্ত’—এই দুটি শ্রেণিতে মুসলিম নামধারী ভোটারদের নাম বাদ পড়ার হার জনসংখ্যার অনুপাতের তুলনায় অনেকটাই বেশি।

রাজ্যের সমস্ত ৪০৩টি বিধানসভা কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে তাঁরা দেখিয়েছেন, মৃত্যুর কারণে বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিম নামধারীদের হার ১৭.৭ শতাংশ হলেও, ‘নিখোঁজ বা অনুপস্থিত’ শ্রেণিতে তা ২৪.১ শতাংশ এবং ‘অন্যত্র নথিভুক্ত’ বা ডুপ্লিকেট শ্রেণিতে ২৩.৭ শতাংশে পৌঁছেছে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, উত্তরপ্রদেশের জনসংখ্যায় মুসলিমদের প্রত্যাশিত অনুপাত ১৯.৫ শতাংশ হলেও, সামগ্রিকভাবে মোট বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিম নামধারীদের হার ২০.৬ শতাংশ।

বিশ্লেষণে দেখা গিয়েছে, একই কেন্দ্রের সমবয়সি অন্যান্য ভোটারদের তুলনায় মুসলিম নামধারী ভোটারদের ‘নিখোঁজ বা অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত হওয়ার সম্ভাবনা ১.৩৫ গুণ বেশি। ‘অন্যত্র নথিভুক্ত’ হিসেবে নাম বাদ পড়ার সম্ভাবনা ১.৩৯ গুণ বেশি। গবেষকরা জানিয়েছেন, ভোটার এবং তাঁর আত্মীয়—উভয়ের নাম মুসলিম কি না, এমন কঠোর যাচাই পদ্ধতি প্রয়োগ করার পরও এই পরিসংখ্যানগত পার্থক্য অপরিবর্তিত রয়েছে। ডুপ্লিকেট শ্রেণিতে নাম বাদ পড়ার পেছনে ‘নাম-ভিত্তিক মিল খোঁজা’-কে একটি সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা।