পুবের কলম, ওয়েবডেস্ক: ট্রেনের কামরায় বা স্টেশন চত্বরে বসে মোবাইল ফোনের লাউডস্পিকারে গান শোনা, ভিডিও দেখা, উচ্চস্বরে দীর্ঘক্ষণ ফোনে কথা বলা কিংবা চড়া ভলিউমে রিংটোন বাজানোর দিন শেষ হতে চলেছে। দক্ষিণ রেলের পর এবার যাত্রীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা জারি করল পূর্ব রেল। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই ধরনের আচরণ ‘জনসাধারণের বিরক্তি’ হিসেবে গণ্য হলে ১৯৮৯ সালের রেল আইনের আওতায় অভিযুক্ত যাত্রীর ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড—অথবা উভয় দণ্ডই হতে পারে।
আরও পড়ুন:
শুক্রবার কলকাতা-সদর দপ্তর বিশিষ্ট পূর্ব রেলের এক আধিকারিক জানান, রেলওয়ে বোর্ডের নির্দেশিকা মেনেই পূর্ব রেলের চারটি ডিভিশনকে স্টেশন ও ট্রেনের ভেতরে মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে এবং শব্দদূষণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পূর্ব রেলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রেন ও রেল চত্বরে এই ধরনের গোলমাল বা বিরক্তিকর আচরণের ক্ষেত্রে ১৯৮৯ সালের রেল আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এই ধারায় সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা অথবা ৬ মাস পর্যন্ত কারাদণ্ডের সংস্থান রয়েছে। বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে, কোনো যাত্রীকে এই আইনের আওতায় বিরক্তিকর আচরণে লিপ্ত থাকতে দেখলে টিকিট পরীক্ষকরা সরাসরি তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে পারবেন। রেল আধিকারিকদের মতে, কামরার ভেতরে উচ্চস্বরে মোবাইল চালানোর ফলে সহযাত্রীদের চরম অসুবিধা হয় এবং শান্ত পরিবেশ নষ্ট হয়—বিশেষত বাতানুকূল কামরাগুলিতে এই শব্দ অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।আরও পড়ুন:
শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতেও উদ্যোগী হয়েছে পূর্ব রেল। স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে এবং সম্ভব হলে ট্রেনের ভেতরেও আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে নিয়মিত ঘোষণা করা হবে।