দেশের অন্যতম নামী বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের এই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে যোগ দিতে আজ শনিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি আগামী দিনে উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখবেন তিনি। প্রায় দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খড়গপুরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি।
আরও পড়ুন:
২১ নভেম্বর, শনিবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে অবতরণ করার কথা তাঁর। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখবেন তিনি। উল্লেখ্য, এই শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রথম চালু হয়েছে চিকিৎসাবিজ্ঞানের পাঠ্যক্রম। সেই বিভাগও পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন:
সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ নেতাজি অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ও রাজ্যের শিক্ষামন্ত্রীরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হবে। আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী তাঁকে সংবর্ধনা জানানোর পর বক্তব্য রাখবেন। এরপর ভাষণ দেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আরও পড়ুন:
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ। প্রধানমন্ত্রীর হাত ধরেই এই স্মারক মুদ্রার আনুষ্ঠানিক উন্মোচন হওয়ার কথা। এরপর সকাল সাড়ে ১০টা নাগাদ বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি।
বেলা ১১টা নাগাদ অনুষ্ঠান শেষ করে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। গোটা অনুষ্ঠানের বিস্তারিত সূচি জানিয়েছেন প্রতিষ্ঠানের অধিকর্তা সুমন চক্রবর্তী।আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই রাজ্য সফর ঘিরে আগে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর জল্পনা তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রীর হাত ধরেই ওই পথে মেট্রো চলাচল শুরু হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। তবে সেই জল্পনা সত্যি হচ্ছে না। মেট্রো প্রকল্পের উদ্বোধন নয়, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতেই শনিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার বিশেষ মুহূর্তের সাক্ষী থাকবেন তিনি।