পুবের কলম ওয়েব ডেস্ক: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পরদিনই মহারাষ্ট্রে জোটসঙ্গীদের অবস্থান ঘিরে নতুন করে চাপে পড়ল বিজেপি। সদ্য সমাপ্ত মহারাষ্ট্রের একাধিক দুগ্ধ সমবায় ও জেলা সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখল তাদের দুই শরিক—একনাথ শিণ্ডের শিব সেনা এবং অজিত পওয়ারের এনসিপি। মহারাষ্ট্রের সবচেয়ে বড় গোকুল দুগ্ধ সমবায় নির্বাচনে হারার পরও বিজেপি তা ঘুরপথে দখল করতে পারলেও, সাংলি ও সাতারা জেলা সমবায় ব্যাঙ্কে ক্ষমতা হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের।
সাংলি জেলা সমবায় ব্যাঙ্কের ২১টি আসনের মধ্যে কংগ্রেস ৬টি, শরদ পওয়ারের এনসিপি ৫টি, বিজেপি ৫টি এবং শিণ্ডে সেনা ২টি আসনে জয়ী হয়েছিল।

সেখানে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠন করেছেন শিণ্ডে সেনার ডিরেক্টররা। একই ছবি দেখা গিয়েছে সাতারা জেলা সমবায় ব্যাঙ্কেও। সেখানকার ২১টি আসনের মধ্যে বিজেপির হাতে ৯ জন, অজিত পওয়ারের এনসিপির হাতে ৮ জন এবং শিণ্ডের শিব সেনার হাতে ৪ জন ডিরেক্টর ছিলেন। উল্লেখযোগ্যভাবে, সাতারায় বিজেপি ও শিব সেনা জোট বেঁধে ভোটে লড়লেও বোর্ড গঠনের সময় বিজেপিকে বাইরে রেখে হাত মেলায় এনসিপি এবং শিব সেনা।

বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রের শাসকজোট ‘মহাজুটি’-র অন্দরে অসন্তোষ চলছে। সদ্য অনুষ্ঠিত বিধান পরিষদ নির্বাচনে শাসকজোটের ধাক্কার নেপথ্যেও শরিকদের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করছেন অনেকে। ওই হারের পর বিজেপি ও শিব সেনা প্রকাশ্যেই একে অপরকে দোষারোপ করেছিল। এবার জেলা সমবায় ব্যাঙ্কের বোর্ড গঠনেও শরিকদের এই বিপরীত অবস্থানে মহারাষ্ট্রে শাসক শিবিরের অস্বস্তি আরও স্পষ্ট হয়ে উঠল।