পুবের কলম ওয়েবডেস্ক, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার দাবি ঘিরে অশান্তির আবহে এবার ভারতের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অভিযোগ, সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা বিদেশি প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যদিও সরাসরি ভারতের নাম করেননি তিনি। শুক্রবার তারেকের মন্তব্যের জবাবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি নয়াদিল্লি।

লালমনিরহাটে বৃহস্পতিবার এক সভায় তারেক বলেন, আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের স্বার্থের কথা ভাবেননি। বরং যে দেশে তাঁরা আশ্রয় নিয়েছেন, সেই দেশকেই প্রভু মেনে ষড়যন্ত্র করছেন। তাঁর এই মন্তব্যকে ভারতের প্রতি কটাক্ষ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাঁর কোনও মন্তব্য নেই।

তবে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে চায়। হাসিনার প্রত্যর্পণ নিয়েও নতুন কোনও অগ্রগতির কথা জানায়নি দিল্লি।

এদিকে, হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে বাংলাদেশে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে পুলিশ স্টেশনে হামলা এবং চট্টগ্রামে মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন লাগানোর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে সাত জেলায় ৯৭ প্লাটুন সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ক্ষমতাসীন দলের দুই কর্মীর মৃত্যু হয়েছে এবং ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।