বিষমদ পান করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মণিপুরে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩০০-রও বেশি মানুষ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে মণিপুর প্রশাসন। অজ্ঞাত সূত্র থেকে আসা দেশি মদ পান না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। কীভাবে বিষাক্ত মদ এত মানুষের কাছে পৌঁছল এবং কী কারণে এই বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্দেল জেলায়। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বিষমদ পান করে একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ইম্ফলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চান্দেলের পুলিশ সুপার মৃতদের মধ্যে আট জনের পরিচয় প্রকাশ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের কয়েক জনের বাড়িতেই মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
আরও পড়ুন:
শুক্রবার অসুস্থদের দেখতে ইম্ফলের দুটি হাসপাতালে যান মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংহ। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের একটি বিশেষ দল চান্দেলের উদ্দেশে রওনা দিয়েছে। যাঁদের শারীরিক অসুস্থতা তুলনামূলক কম, তাঁদেরও পরীক্ষা করে দেখবেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চালানো হচ্ছে।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে মদ পান করে এত মানুষের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে, তা মণিপুরের কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে সুগনু থানা এলাকায়।
আরও পড়ুন:
এদিকে, চান্দেল জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অজানা উৎস থেকে সংগ্রহ করা দেশি মদ পান করতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে, মদ পান করার পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন:
এমনকী, বিষাক্ত মদ পান করার পর আপাতত কোনও শারীরিক সমস্যা অনুভূত না হলেও স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।