পুবের কলম ওয়েবডেস্ক, শীতের সকালে ঘুম থেকে উঠে হঠাৎ বাইরে বেরোনো কিংবা প্রস্তুতি ছাড়া জোরে হাঁটা—হৃদরোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা কমলে শরীরের তাপ ধরে রাখতে রক্তনালি সংকুচিত হয়। ফলে রক্তচাপ বাড়ে, হৃদযন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়। ঠান্ডায় রক্ত জমাট বাঁধার প্রবণতাও বাড়তে পারে। আগে থেকে ধমনিতে চর্বির আস্তরণ জমে থাকলে ঝুঁকি আরও বাড়ে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্যেও এই শারীরবৃত্তীয় পরিবর্তনের কথা বলা হয়েছে।

কলকাতার বিএম বিড়লা হার্ট হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অশোক বি মালপানির মতে, ঠান্ডায় রক্তনালি সংকুচিত হওয়ার পাশাপাশি হৃদযন্ত্রের অক্সিজেনের চাহিদা বাড়ে। তাই হৃদরোগীদের খুব ভোরে হাঁটতে না গিয়ে আবহাওয়া কিছুটা উষ্ণ হলে বেরোনো ভালো। হাঁটার আগে ঘরের ভিতর ৫-১০ মিনিট হালকা শরীরচর্চা করা এবং ধীরে গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

সুস্থ থাকতে মাথা, কান ও হাত ঢেকে গরম পোশাক পরুন।

নিয়মিত রক্তচাপ মাপুন এবং চিকিৎসকের দেওয়া ওষুধ বন্ধ করবেন না। খাবারে শাকসবজি, ফল, ডাল ও গোটা শস্য রাখুন; অতিরিক্ত নুন, মিষ্টি ও ভাজাভুজি কমান। পর্যাপ্ত পানি পান করুন। তবে হৃদ্‌যন্ত্রের দুর্বলতা বা কিডনির সমস্যায় পানি নিয়ন্ত্রণের নির্দেশ থাকলে চিকিৎসকের পরামর্শ মানুন।

তথ্যসূত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন,  কলকাতার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অশোক বি মালপানির পরামর্শ এবং মায়ো ক্লিনিক।