পুবের কলম ওয়েব ডেস্ক: ল্যান্ডফলের পর থেকেই ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার রাতেই ওড়িশার মধ্যভাগে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং শনিবার তা সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এর জেরে কলকাতায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দাপট ইতিমধ্যেই কমেছে। তবে শনিবার দিনভর রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়ে রোদের দেখা মিলতে পারে এবং মঙ্গলবার থেকে রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।


শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তরের বাকি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে এবং সোমবারের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে বাড়বে শীতের আমেজ।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৬ থেকে ৯৮ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শহরে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অকালবর্ষণে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার চাষিরা। গত দু’দিনের ঝড়বৃষ্টিতে বহু জমির পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় কমবেশি প্রায় ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, এবছর সেখানে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হলেও এখনও পর্যন্ত মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ ধান কাটা সম্ভব হয়েছে। ফলে গড়বেতা, শালবনি, কেশপুর, ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, ডেবরা, সবং ও পিংলার বিস্তীর্ণ এলাকায় জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। শুধু আমন ধানই নয়, বড়সড় ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি, পান ও ফুলচাষও। জমিতে জল জমে থাকায় আলুচাষের জন্য জমি তৈরির কাজও পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই ছবি মুর্শিদাবাদেও। টানা বৃষ্টিতে চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় পাকা ধান, শীতকালীন সবজি এবং আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কায় মাথায় হাত পড়েছে সেখানকার কৃষকদের।