বাংলায় শিল্পের বেহাল পরিস্থিতি নিয়ে ফের বামেদের কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর অভিযোগ, বামেদের আন্দোলনের জেরে একসময় বাংলার পাশাপাশি দেশ থেকেও শিল্প সংস্থাগুলি চলে যেতে বাধ্য হয়েছিল। লাল ঝান্ডা দেখিয়ে কোম্পানিগুলিকে তাড়িয়ে না দিলে ভারত ৫০ বছর আগেই সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
এদিন খড়্গপুর আইআইটির মঞ্চ থেকে দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ৭৫ বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান দেশের নানা পরিবর্তনের সাক্ষী থেকেছে।
গরুর গাড়ির যুগ পেরিয়ে ভারত এখন বুলেট ট্রেনের দিকে এগোচ্ছে। আগামী দিনে চিপ থেকে জাহাজ—সবকিছুই দেশে তৈরি করার লক্ষ্য রয়েছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে খড়্গপুর আইআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।আরও পড়ুন:
এরপরই বাংলার শিল্প পরিস্থিতি প্রসঙ্গে বামেদের নিশানা করেন মোদি। তাঁর বক্তব্য, প্রায় ৫০ বছর আগে সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে সংস্থা এসেছিল।
কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর দাবি, সেই সময় শিল্প সংস্থাগুলিকে কাজের সুযোগ দেওয়া হলে ভারত অনেক আগেই সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে এগিয়ে যেতে পারত।আরও পড়ুন:
এদিন কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রায় পাঁচ দশক আগে লালকেল্লা থেকে ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হলেও দারিদ্র্য দূরীকরণে কার্যকর উদ্যোগের অভাব ছিল। বহু পরিকল্পনা ফাইলবন্দি হয়ে পড়েছিল।
এর বিপরীতে তাঁর সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মোদি। শৌচাগার নির্মাণ এবং উজ্জ্বলা যোজনার মতো উদ্যোগের উল্লেখ করে দারিদ্র্য মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপের ব্যাখ্যা দেন তিনি।আরও পড়ুন:
পাশাপাশি খড়্গপুর আইআইটির পড়ুয়াদের উদ্দেশে ‘ব্রেকস দ্য লিমিট’ বার্তা দেন প্রধানমন্ত্রী। প্রচলিত সীমাবদ্ধতা ভেঙে নতুন চিন্তাভাবনা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, বাংলায় শিল্প ও বিনিয়োগ বাড়ানো বিজেপির অন্যতম রাজনৈতিক লক্ষ্য। রাজ্যে নতুন শিল্প স্থাপন এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে। খড়্গপুর আইআইটির মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য সেই বিতর্ককে ফের সামনে নিয়ে এল।