পুবের কলম ওয়েব ডেস্ক: ঘনিষ্ঠ আত্মীয়তা বা রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধ করতে কেন্দ্রকে উপযুক্ত আইন আনার বিষয়ে ভাবনাচিন্তার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। বেঙ্গালুরুর চারভি এস নামে এক আইনের ছাত্রীর দায়ের করা আর্জির শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, এই ধরনের বিয়ে বন্ধ করার জন্য আইন প্রণয়নের বিষয়টি সম্পূর্ণভাবে আইনসভা ও সরকারের এক্তিয়ারভুক্ত। তবে এ ব্যাপারে উপযুক্ত আইনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুপ্রাণিত করতে একটি নোটিস পাঠিয়েছে আদালত।
রক্তের সম্পর্কে বিয়ে বন্ধের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেঙ্গালুরুর ওই ছাত্রী।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই মামলার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দেয়, এই ধরনের বিয়ে থামানো বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। এ বিষয়ে আইন তৈরি করার দায়িত্ব সরকারের। শীর্ষ আদালতের বক্তব্য, তারা সরকারকে কোনও নির্দেশ দিতে পারে না, কেবল সংবেদনশীলভাবে বিষয়টি নিয়ে ভাবার জন্য অনুপ্রেরণা দিতে পারে। পাশাপাশি, এ নিয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দিয়েছে আদালত। প্রয়োজনে স্কুলপাঠ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করে বা সচেতনতার প্রচার চালিয়ে নাগরিকদের সতর্ক করা যেতে পারে বলে মনে করছে শীর্ষ আদালত। তবে একইসঙ্গে বিয়ে যে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়, তা মেনে নিয়ে সকলেরই জেনেবুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মত প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।