পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মায়ানমার গণহত্যা চালিয়েছিল বলে রাষ্ট্রসংঘের শীর্ষ আদালত (ICJ) ঐতিহাসিক রায় দেওয়ার ঠিক একদিন পর এই বিষয়ে মুখ খুলল ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ভারত ‘নজরে রেখেছে’। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, রাখাইন প্রদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত এবং স্থায়ী প্রত্যাবাসনের পক্ষে নয়াদিল্লি বরাবরই সমর্থন জানিয়ে এসেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ সংখ্যাগরিষ্ঠতায় রায় ঘোষণা করে জানান, ২০১৭ সালে উত্তর রাখাইন প্রদেশে ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর নামে মায়ানমার জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

পাশাপাশি বাস্তুচ্যুত মানুষদের দেশে ফেরার অনুমতি দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই রায়কে ন্যায়বিচার ও দীর্ঘদিনের শরণার্থী সংকট সমাধানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে।

এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রণধীর জয়সওয়াল বলেন, "আইসিজে-র রায় আমরা নজরে রেখেছি। রাখাইন প্রদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত এবং স্থায়ী প্রত্যাবাসনকে ভারত ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে।

" তিনি মনে করিয়ে দেন, এই লক্ষ্যে ভারত ইতিপূর্বে ‘অপারেশন ইনসানিয়ত’-এর অধীনে পাঁচ দফায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলিতে ত্রাণসামগ্রী পাঠিয়েছে এবং মায়ানমারে ‘রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-কেও সহায়তা করেছে।

ভারতের ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে ‘ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’-এর সাম্প্রতিক অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তীব্র প্রতিক্রিয়া জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন, "ইউএসসিআইআরএফ প্রসঙ্গে আমি আগেও যা বলেছি, আজও তার পুনরাবৃত্তি করতে চাই। আমরা এই সংস্থাটিকে প্রকাশ্য রাজনৈতিক এজেন্ডাধারী একটি পক্ষপাতদুষ্ট সংগঠন হিসেবে দেখি। আমার মনে হয় না, যে সংগঠন এতটা সংস্কারাচ্ছন্ন ও পক্ষপাতদুষ্ট, তাকে গুরুত্ব সহকারে নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে।"