পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার আড়ালে সংখ্যালঘু, অনগ্রসর এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি—শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ‘টাইমস নাও সামিট কর্নাটক’-এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রক্রিয়াকে একটি ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, মানুষের জনাদেশ নিয়ে জয়ের বদলে ভোটারদের নাম কেটে নির্বাচনে জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির। স্থানীয় কর্মীরাই ওপরতলা থেকে এই নির্দেশ পাওয়ার কথা স্বীকার করেছেন বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে ১০,০০০ থেকে ১৫,০০০ ভোটারের নাম বাদ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এবং সেই ফর্ম ৭-এর সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের নিজেদের আধার কার্ড ও ফোন নম্বর জমা দিতে বলা হয়েছিল।
শিবকুমারের কথায়, "আমি যদি সেদিন ছুটে গিয়ে হস্তক্ষেপ না করতাম, তবে কংগ্রেসের ভোট রয়েছে এমন প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে ১৫,০০০ থেকে ১৭,০০০-এরও বেশি ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হতো।" এই বিষয়টি খতিয়ে দেখতে তিনি তৎক্ষণাৎ একটি কমিটি গঠন করেছিলেন বলেও জানান।আরও পড়ুন:
এদিন দেশের সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন শিবকুমার। তিনি বলেন, "জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর একটি রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়েছে।
এটি এখন বিজেপির দপ্তর হয়ে উঠেছে।" বিরোধী দলনেতাকে কমিশনের দপ্তরে গিয়ে জবাব চাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কার্যপদ্ধতির সমালোচনা করে শিবকুমার জানান, কমিশন যেভাবে বিষয়টি পরিচালনা করছে তার সঙ্গে তিনি একমত নন। রাজ্যের প্রতিটি ভোটারের ভোটাধিকার রক্ষা করা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সাংবিধানিক দায়িত্ব বলেও তিনি স্পষ্ট করেন।