পুবের কলম ওয়েব ডেস্ক: বিয়ের মরসুম শুরু হতেই গয়নার দোকানগুলিতে ভিড় বাড়ছে। সাধারণ মানুষ হলমার্ক দেখেই সোনার গয়না কিনছেন। কিন্তু সেই সোনা আদৌ খাঁটি কি না, তা নিয়েই এবার বড়সড় প্রশ্ন উঠে গেল। ‘কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’ বা সিএজি-র একটি খসড়া রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়ম অনুযায়ী, সোনার বিশুদ্ধতা জানাতে দেশ জুড়ে হলমার্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র। ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ বা বিআইএস-এর নিজস্ব গবেষণাগার কিংবা ‘অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টার’ (এএইচসি)-এ পরীক্ষার পর লেজার দিয়ে গয়নার গায়ে হলমার্ক, তিন সংখ্যার বিশুদ্ধতার নম্বর এবং ছ’সংখ্যার ‘হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন’ বা এইচইউআইডি কোড খোদাই করে দেওয়া হয়। কিন্তু এই ব্যবস্থার নজরদারিতেই গুরুতর গলদ ধরা পড়েছে।
নিয়ম অনুসারে, প্রতি বছর অন্তত একবার নথিভুক্ত গয়নার দোকান ও শোরুম পরিদর্শন এবং অডিট করার কথা বিআইএস-এর। অথচ সিএজি-র খসড়া রিপোর্টে উঠে এসেছে, ২০২০-২১ আর্থিক বছর থেকে পরবর্তী পাঁচ অর্থবর্ষে নথিভুক্ত ২.৩ লক্ষ গয়নার দোকানের মধ্যে ৮৩.২৫ শতাংশের কোনও অডিটই করেনি বিআইএস। এমনকি ২০২৪-২৫ আর্থিক বছরে লাইসেন্সপ্রাপ্ত ২৮ হাজার ৮৬৫টি দোকানের মধ্যে মাত্র ৫ হাজার ৪৪৪টি পরিদর্শন করেছেন সংস্থার আধিকারিক ও কর্মীরা। গয়নার দোকানের পাশাপাশি এএইচসি কেন্দ্রগুলির ৪৩.৭ শতাংশের ওপরও কোনও অডিট হয়নি। কর্মী সঙ্কট এবং দূরবর্তী এলাকা থেকে নমুনা সংগ্রহের অসুবিধার কথা বলে বিআইএস সাফাই দিলেও সিএজি সেই যুক্তি মানতে নারাজ।
রিপোর্টে আরও জানানো হয়েছে, বিআইএস-এর চারটি আঞ্চলিক দফতরে আগাম খবর না দিয়ে মোট ৫ হাজার ২০ বার আকস্মিক পরিদর্শনের লক্ষ্যমাত্রা থাকলেও তা হয়েছে মাত্র ২ হাজার ৮২৬ বার, অর্থাৎ ৪৩.৭ শতাংশ লক্ষ্যমাত্রাই পূরণ হয়নি। অসাধু ব্যবসায়ী ও নিয়ম ভঙ্গকারী গবেষণাগারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নকল সোনা বাজেয়াপ্ত করার অধিকার এই আঞ্চলিক দফতরগুলির থাকলেও, তাদের কাছে এই সংক্রান্ত কোনও রেকর্ড নেই। কোন গবেষণাগার বা ব্যবসায়ীকে কত টাকা জরিমানা করা হয়েছে কিংবা কত মূল্যের নকল সোনা উদ্ধার হয়েছে, তার কোনও হদিস দিতে পারেনি বিআইএস। চলতি বছরের জুলাই মাসে এই খসড়া রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠিয়েছে সিএজি এবং আগামী দিনে চূড়ান্ত রিপোর্টটি সংসদে পেশ হতে পারে বলে সূত্রের খবর।
অন্যদিকে, ‘দৈনিক ভাস্কর’-এর একটি তদন্তমূলক প্রতিবেদনে দেশ জুড়ে ভেজাল সোনার এক ভয়াবহ ছবি সামনে এসেছে। তাদের দাবি, এ দেশে দিনে গড়ে ২ হাজার থেকে ২ হাজার ২০০ কেজি সোনা বিক্রি হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীদের একাংশ চিন থেকে আমদানি করা ‘রিনিয়াম’ গুঁড়ো সোনায় মিশিয়ে ওজন বাড়াচ্ছেন, যা বিশুদ্ধতার পরীক্ষাতেও ধরা পড়ছে না। চিনের শেংঝেন এলাকার এক কারখানার এজেন্টের দাবি, স্বর্ণালঙ্কারে ২৫ শতাংশ পর্যন্ত রিনিয়াম মেশালেও পরীক্ষায় তা ধরা পড়বে না। ১০০ গ্রাম রিনিয়ামের দাম ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ ডলারের মধ্যে। বিষয়টি যাচাই করতে মুম্বইয়ের এক এজেন্টের থেকে ৫ হাজার টাকা এবং ৫০০ টাকা ক্যুরিয়ার খরচে এক গ্রাম রিনিয়াম কেনে ওই সংবাদমাধ্যম। এরপর রাজস্থানের জোধপুরে এক স্বর্ণকারের কাছে ২৪ ক্যারাটের ৭.৮০ গ্রাম সোনায় ১ গ্রাম রিনিয়াম মেশানো হয়, যার ওজন দাঁড়ায় ৮.৮৩০ গ্রাম। অবাক করা বিষয় হল, যন্ত্রে বিশুদ্ধতার পরীক্ষায় ওই ভেজাল সোনাকে সম্পূর্ণ খাঁটি বলে জানানো হয়। দ্বিতীয় ধাপে ২২ ক্যারাট সোনায় ০.৭৫ গ্রাম রিনিয়াম গুঁড়ো মিশিয়ে পরীক্ষা করেও একই ফল মেলে। অন্য একটি ইংরেজি সংবাদমাধ্যমের দাবি, বর্তমানে সোনায় রুথেনিয়াম, ইরিডিয়াম এবং অসমিয়ামের মতো পদার্থও মেশানো হচ্ছে। তবে চিন থেকে কীভাবে এই রিনিয়াম ভারতে আসছে, তা এখনও স্পষ্ট নয়। আগামী দিনে তদন্ত হলে এই চক্রের আসল রহস্য ফাঁস হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।