পুবের কলম ওয়েব ডেস্ক: আওয়ামি লিগের বিক্ষোভের জেরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। রাজনৈতিক অশান্তির আবহেই এবার পাল্লা দিয়ে চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ। নড়াইলে সংখ্যালঘু পরিবার এবং আওয়ামি লিগের নেতাকর্মীদের প্রায় ২০০টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সূত্রের দাবি, এই ভয়াবহ হামলায় বেশ কয়েকজন হিন্দু ও আওয়ামি কর্মীর মৃত্যুও হয়েছে।
জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় একটি মোটরবাইক মিছিল বের করেছিল বিএনপি। অভিযোগ, সেই মিছিলে আওয়ামি লিগের কর্মীরা হামলা চালায় এবং তাতে দুই বিএনপি নেতার মৃত্যু হয়। সেই ঘটনারই প্রতিশোধ নিতে শুক্রবার রাতে পালটা হামলা চালায় তারেক রহমানের দল। নড়াইলের বহু এলাকায় আওয়ামি কর্মীদের পাশাপাশি অনেক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া নড়াইল-১ আসনের প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
প্রসঙ্গত, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা করেছেন। নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও সম্প্রতি দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আওয়ামি লিগ। দিকে দিকে কর্মসূচির পাশাপাশি রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে হামলা, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে আওয়ামি লিগের গড় হিসেবে পরিচিত গোপালগঞ্জে তাদের ব্যাপক সক্রিয়তা দেখা যাচ্ছে। অভিযোগ, ইতিমধ্যেই তিনটি থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং হামলা চলেছে হাসপাতালেও। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া তারেক সরকার শুক্রবারই বাংলাদেশজুড়ে বিপুল সেনা মোতায়েন করেছে। তবে তা সত্ত্বেও পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।