পুবের কলম ওয়েব ডেস্ক: প্রবাদপ্রতিম বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর মৃত্যুর ৮৯ বছর পর অবশেষে খুলতে চলেছে তাঁর লোহার সিন্দুক। বাইরে রঙের প্রলেপ পড়লেও গত প্রায় ন’দশকে কেউ সেই সিন্দুক খোলেনি, ফলে তার ভিতরে কী রয়েছে তা আজও অজানা। এবার সেই সিন্দুকটি খোলার উপযুক্ত সময় এসেছে বলে মন্তব্য করেছে ঝাড়খণ্ড হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণের পর নতুন করে সিন্দুকটির রহস্য নিয়ে চর্চা শুরু হয়েছে।
১৯৩৭ সালের ২৩ নভেম্বর ঝাড়খণ্ডের গিরিডির বরগন্ডায় ‘শান্তি ভবন’-এ প্রয়াত হন জগদীশচন্দ্র বসু। সেই থেকেই তাঁর ওই বাসভবনে রয়েছে লোহার সিন্দুকটি। বহু বছর আগে বিজ্ঞানীকে স্মরণ করে বাড়িটিকে ‘জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র’ নামে মিউজিয়ামে পরিণত করা হয়েছিল। তবে সেটি সাধারণ মানুষের জন্য কার্যত বন্ধই থাকে। ঝাড়খণ্ড ক্রীড়া ভবনের তত্ত্বাবধানে থাকা এই ঐতিহাসিক ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি নজরে আসতেই সম্প্রতি স্বতঃপ্রণোদিত হয়ে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করে ঝাড়খণ্ড হাই কোর্ট। গত ১৮ নভেম্বর বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ ভবনটি সংস্কারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়। এ বিষয়ে রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরকে হলফনামা জমা দেওয়ার পাশাপাশি গিরিডির ডেপুটি কমিশনারের কাছেও জবাব তলব করেছে আদালত।
মামলার শুনানিতে আদালত জানিয়েছে, জগদীশচন্দ্রের প্রয়াণের ৮৯ বছর পরেও সিন্দুকটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর ভিতরে তাঁর গবেষণা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে, যা মানবজাতি এবং বিশেষ করে বিজ্ঞানচর্চার সমাজকে সমৃদ্ধ করতে পারে। তাই সিন্দুকটি খোলার এটাই সঠিক সময়। উল্লেখ্য, এর আগেও সিন্দুকটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের গিরিডিতে গিয়ে সেটি খোলার কথা থাকলেও কোনও কারণে তাঁর সফর বাতিল হয়। পরে আরও একবার তাঁর গিরিডি সফর বাতিল হওয়ায় আর নতুন করে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে ৮৯ বছর পর আদালতের নির্দেশে সেই সিন্দুক খুলতে চলেছে।