পুবের কলম ওয়েব ডেস্ক: আদালতের দেওয়া মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বেআইনিভাবে বেতন ও সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ তুলে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় গেলেন মমতা তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার বিকেলে তিনি হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান। তবে গোটা বিষয়টি বিধানসভার অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত জানিয়ে পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেনি।
শোভনদেবের দাবি, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশে অস্থায়ী বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের দায়িত্ব পালন করছিলেন ঋতব্রত এবং আখরুজ্জামান। আদালতের সেই অন্তর্বর্তীকালীন নির্দেশের মেয়াদ গত ১৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছে।

তা সত্ত্বেও তাঁরা বেতন ও অন্যান্য সুবিধা নিচ্ছেন, যা অপরাধ বলে মনে করেন বর্ষীয়ান এই নেতা। থানা থেকে বেরিয়ে শোভনদেব জানান, পুলিশ অভিযোগ না নেওয়ায় তিনি এবার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
শোভনদেবের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছেন ঋতব্রত শিবিরের মুখপাত্র ঋজু দত্ত। তাঁর পালটা হুঁশিয়ারি, আইএনটিটিইউসি-তে যুক্ত থাকাকালীন শোভনদেব কী কী করেছেন এবং কী ধরনের সুবিধা নিয়েছেন, তা প্রকাশ্যে আনলে তাঁর মুখোশ খুলে যাবে। শোভনদেবকে ‘কাচের ঘরে বসে ঢিল না মারার’ পরামর্শ দিয়ে ঋজু বলেন, তাঁর কথা ফাঁস করলে যে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তা ভেঙে চুরমার হয়ে যাবে।

প্রসঙ্গত, নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর বিরোধী দলনেতা বাছাই ঘিরে বিস্তর জলঘোলা হয়। বিধায়কদের সই-সহ একটি চিঠি বিধানসভায় পাঠিয়ে শোভনদেবকে বিরোধী দলনেতা করার প্রস্তাব দিয়েছিল তৃণমূল। কিন্তু সই জালের অভিযোগ তুলে ঋতব্রত-সহ অধিকাংশ বিধায়ক আলাদা নাম প্রস্তাব করেন। এরপর বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শোভনদেব। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ অধ্যক্ষের সিদ্ধান্তে তাৎক্ষণিক হস্তক্ষেপ না করে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালনের অন্তর্বর্তী অনুমতি দেয় এবং দু’মাসের মধ্যে সিঙ্গল বেঞ্চকে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেয়।