পুবের কলম ওয়েব ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার জেল হেফাজতে থাকা সুজিতকে জেরা করেন তদন্তকারীরা। ইডির মামলায় জেলে থাকা প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল সিবিআই। আদালতের অনুমতি মিলতেই এদিন জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন টাকার বিনিময়ে বেআইনিভাবে চাকরি দিয়েছিলেন কিংবা চাকরির জন্য সুপারিশ করেছিলেন সুজিত বসু।

সেই অভিযোগের তদন্তেই এই জিজ্ঞাসাবাদ। এর আগে একই মামলায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত, প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায় এবং অয়ন শীলকে জেরা করে সুজিতের নাম উঠে আসে। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের দ্বারস্থ হয় সিবিআই।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের মামলায় গত ১১ মে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন সুজিত বসু। সেই থেকেই তিনি জেলবন্দি রয়েছেন।
তদন্তে নেমে একাধিক আর্থিক দুর্নীতি এবং তাঁর ছেলের রেস্তরাঁয় বেআইনি কাজের অভিযোগও সামনে আনেন তদন্তকারীরা। সুজিতকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালান ইডি আধিকারিকরা। প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে। তাঁকে জামিন দিলে প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করতে পারেন এবং তদন্তে অসুবিধা হতে পারে—ইডির আইনজীবীর এই সওয়াল শুনে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিনের আর্জি খারিজ করে দেন। এরপর সুপ্রিম কোর্টে মামলা করলেও এখনও তার নিষ্পত্তি হয়নি। ফলে জেলেই রয়েছেন সুজিত, আর সেখানেই এবার তাঁকে জেরা করল সিবিআই।