পুবের কলম ওয়েব ডেস্ক: শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তবে বিদায় নেওয়ার আগে এর প্রভাবে হওয়া একনাগাড়ে ভারী বৃষ্টিতে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্যের কৃষি। চাষের জমিতে জল জমে বিঘার পর বিঘা ধান, কপি, লঙ্কা ও অন্যান্য সবজি ক্ষতির মুখে পড়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। আর সেই ক্ষতির সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের হেঁশেলে।
আকভান পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বাজারগুলিতে একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে সবজির দাম।বাজারের সামগ্রিক চিত্র বলছে, বেগুন, উচ্ছে, গাজর, ঢেঁড়শ ও ঝিঙের দাম কেজি প্রতি প্রায় ২০ টাকা করে বেড়ে গিয়েছে। একইসঙ্গে দাম বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, শশা ও টমেটোর মতো নিত্যপ্রয়োজনীয় সবজিরও। ঘূর্ণিঝড়ের আগে যে ফুলকপি ও বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা পিস দরে মিলছিল, বর্তমানে তা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি ৮০ টাকার শশা এবং ঝিঙে এখন কিনতে হচ্ছে ১০০ টাকায়। ৬০ টাকা কেজির ঢেঁড়শ ও উচ্ছের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। আগে ৬০ থেকে ৭০ টাকায় পটল পাওয়া গেলেও এখন ৮০ টাকার কমে তা মিলছে না। পাশাপাশি, বাজারে বেগুন ও গাজর কিনতেও কেজি প্রতি ১০০ টাকা গুনতে হচ্ছে আমজনতাকে।
অন্যান্য বছরের মতো এবছরও ভাঙড়ে ব্যাপকভাবে ফুলকপি, বাঁধাকপি ও লঙ্কার চাষ হয়েছিল। কোথাও কোথাও ফসল তোলার কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ঝড় ও ভারী বৃষ্টিতে ভাঙড় ২ ব্লকের সাতুলিয়া, কচুয়া, বেলেদানা, নিমকুড়িয়া, ছেলেগোয়ালি ও কাটজালার মতো একাধিক এলাকার চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। দেনা করে চাষ করা বহু কৃষক জমির এই দুরবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন। কীভাবে ঋণ শোধ করবেন, সেই দুশ্চিন্তায় সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তাঁরা। শুধু ভাঙড়ই নয়, আরামবাগ, ক্যানিং, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টির জলে কয়েক বিঘা জমির ধান ও ফসল নষ্ট হয়েছে। আর তার জেরেই এখন চড়া দামে সবজি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।