পুবের কলম, ওয়েবডেস্ক: নাগরিকত্ব সংক্রান্ত আইনি লড়াইয়ে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো অসমের কাছাড় জেলায়। একটি পরিবারের পাঁচ সদস্যকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দিলেও, পরিবারের ৭৫ বছর বয়সি কর্তাকে ‘স্ট্রিমলাইন বিদেশি’ হিসেবে চিহ্নিত করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে ওই পরিবারের তিনটি মামলার পুনর্বিবেচনার পর গত ৬ নভেম্বর এই রায় দিয়েছে শিলচরের ফরেনার্স ট্রাইব্যুনাল-৪।

কি এই ‘স্ট্রিমলাইন বিদেশি’?
 
অসমের আইনি পরিভাষায় ‘স্ট্রিমলাইন বিদেশি’ বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালের ২৪ মার্চের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে রাজ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী নাম নথিভুক্ত করেননি।

এই শ্রেণিভুক্ত হওয়ার ফলে মোহনলাল দাস নামের ওই বৃদ্ধ আগামী ১০ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন।
 
সূত্রের খবর, নতুন করে তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর মোহনলাল দাসের প্রয়াত স্ত্রী প্রমীলা দাস এবং তাঁদের চার সন্তান—পুষ্পবালা দাস, সুমনবালা দাস, সুধান দাস ওরফে শ্রীধাম দাস এবং মধু দাসকে ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। কিন্তু মোহনলাল দাসের ক্ষেত্রে ১৯৬৪ সালে ভারতে প্রবেশের দাবি প্রমাণ করতে না পারায় তাঁকে ‘স্ট্রিমলাইন বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হয়।
 
কাছাড়ের সৈদপুর গ্রামের বাসিন্দা এই ছয় সদস্যের বিরুদ্ধে নাগরিকত্ব সংক্রান্ত মামলা শুরু হয়েছিল ২০০৬ সালে, যখন কাছাড়ের পুলিশ সুপার (বর্ডার) বিষয়টি ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠান। ২০১৭ সালে মামলাগুলি শিলচরের ফরেনার্স ট্রাইব্যুনাল-৪-এ ওঠে।
এর আগে ২০২২ সালে মূল নথির প্রামাণ্যতা প্রতিষ্ঠা করতে না পারায় এবং শুধুমাত্র ফটোকপি জমা দেওয়ায় পরিবারের ছয় সদস্যকেই বিদেশি ঘোষণা করা হয়েছিল। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পরিবারটি গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট ২০২২ সালের সেপ্টেম্বরে হস্তক্ষেপ করে এবং সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মামলা তিনটি পুনর্বিবেচনার নির্দেশ দেয়।
 
পুনর্বিবেচনা শুনানির সময় পরিবারের পক্ষ থেকে ভোটার তালিকা, জমির দলিল, জন্ম শংসাপত্র এবং পরিচয়পত্রসহ অন্তত ১৬টি মূল নথি ও অতিরিক্ত তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়। পাশাপাশি মৌখিক সাক্ষ্যও পরীক্ষা করা হয়। তারপরই মোহনলাল দাসকে ‘স্ট্রিমলাইন বিদেশি’ হিসেবে রায় দিয়েছে ট্রাইব্যুনাল।