সোনা কেনা কমানোর জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ—এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী। শনিবার এক অনুষ্ঠানে মে মাসের সেই আবেদনের কথা স্মরণ করে দেশবাসীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। একই সঙ্গে ভারতের মানুষের মধ্যে দেশহিতের জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা এখনও অটুট রয়েছে বলে মন্তব্য করেন মোদী। এ প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর আত্মত্যাগের আহ্বানের কথাও তুলে ধরেন তিনি।

চলতি বছরের মে মাসে পশ্চিম এশিয়ায় উত্তেজনা এবং আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে দেশবাসীর উদ্দেশে একাধিক ব্যয়সংকোচনের পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই তালিকায় অন্যতম ছিল অন্তত এক বছর অপ্রয়োজনে সোনা না কেনার আবেদন। তাঁর যুক্তি ছিল, সোনা আমদানির জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়।

এই আমদানি কমানো গেলে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়বে এবং অর্থনীতির উপর চাপ কমবে।

শনিবার সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, “আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, প্রয়োজন না হলে এক বছর দয়া করে সোনা কিনবেন না। আমি আনন্দিত যে, দেশবাসী আমার সেই আহ্বানে সাড়া দিয়েছেন।” তিনি আরও বলেন, তাঁর মতো একজন সাধারণ মানুষের অনুরোধও দেশের মানুষ গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন। এই ঘটনাকে ভারতের মানুষের দেশপ্রেম ও সংহতির পরিচয় হিসেবেই দেখছেন তিনি।

নিজের বক্তব্যের সমর্থনে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়কার পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। সেই সময় দেশে খাদ্যসংকট দেখা দিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী দেশবাসীর কাছে সপ্তাহে অন্তত এক দিন এক বেলা খাবার না খাওয়ার আবেদন জানিয়েছিলেন।

দেশের খাদ্যসংকট মোকাবিলা এবং জাতীয় স্বার্থে এই আহ্বান জানিয়েছিলেন তিনি। শাস্ত্রী নিজেও তাঁর পরিবার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নিয়ম চালু করেছিলেন। মোদীর বক্তব্য, সেই সময় যেমন দেশবাসী শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিলেন, আজও তেমনই জাতীয় স্বার্থে সাধারণ মানুষ এগিয়ে এসেছেন।

মে মাসে দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় মোদী বলেছিলেন, বাড়িতে বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠান থাকলেও অন্তত এক বছর সোনার গয়না কেনা থেকে বিরত থাকা উচিত। তাঁর মতে, সোনা আমদানির পিছনে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। অতীতে সংকটের সময়ে দেশবাসী জাতীয় স্বার্থে নিজেদের সোনাও দান করেছিলেন। তবে এবার সোনা দানের প্রয়োজন নেই, বরং কিছুদিন সোনা কেনা বন্ধ রাখার মধ্য দিয়েই দেশের অর্থনীতিকে সাহায্য করা সম্ভব।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ক্রেতা দেশ ভারত।

প্রতি বছর দেশে প্রায় ৭০০ থেকে ৮০০ টন সোনার চাহিদা তৈরি হয়। অথচ দেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। ফলে সিংহভাগ সোনাই বিদেশ থেকে আমদানি করতে হয়। এর জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, যা দেশের আমদানি খরচ ও বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি করে।

তবে শুধু সোনা কেনা কমানোই নয়, মে মাসে একাধিক ক্ষেত্রে ব্যয়সংকোচনের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। পেট্রল ও ডিজেলের ব্যবহার কমানো, এক বছর বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা, ভোজ্য তেল ও রাসায়নিক সারের ব্যবহার কমানো, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো এবং বিদেশি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য কেনার উপর জোর দিয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিলেন প্রধানমন্ত্রী। শনিবারের বক্তব্যে সেই আহ্বানে দেশবাসীর সাড়া পাওয়াকে বড় সাফল্য হিসেবেই তুলে ধরলেন নরেন্দ্র মোদী।