পুবের কলম ওয়েবডেস্ক, চাঁদে দীর্ঘদিন থাকার পরিকল্পনা বাস্তবায়িত করতে এবার সেখানেই খাবার উৎপাদনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সেই লক্ষ্যে বড় সাফল্য পেলেন আমেরিকার ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। কৃত্রিমভাবে তৈরি চন্দ্রমৃত্তিকায় সফলভাবে আলু ফলিয়েছেন উদ্ভিদবিজ্ঞানী অ্যামেরিক গয়ার ও তাঁর সহযোগীরা।
আরও পড়ুন:
চাঁদের মাটিতে কোনও জৈব পদার্থ বা নাইট্রোজেন নেই। গুঁড়ো পাথর ও ধুলোর মিশ্রণে তৈরি এই মাটিকে বলা হয় ‘লুনার রিগোলিথ’।
ফলে সাধারণ পদ্ধতিতে সেখানে ফসল ফলানো সম্ভব নয়। গবেষকেরা বিভিন্ন পরিমাণে জৈব সার মিশিয়ে পরীক্ষা চালান। দেখা যায়, ৯৫ শতাংশ কৃত্রিম চন্দ্রমৃত্তিকা ও ৫ শতাংশ জৈব সারের মিশ্রণেও আলুর শিকড় ও কন্দ তৈরি হচ্ছে। ৩০ শতাংশ জৈব সার মেশালে ফলন অনেকটা পৃথিবীর মাটিতে উৎপাদিত আলুর মতো হয়েছে।আরও পড়ুন:
গবেষণায় নাসাও সহযোগিতা করেছে।
গ্রিনহাউসে সূর্যের আলো ও কৃত্রিম আলো ব্যবহার করে দিন ও রাতের তাপমাত্রা যথাক্রমে ২২ ও ১৮ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়েছিল। পরীক্ষায় দ্রুত ফলনশীল ‘মোডক’ জাতের আলু ব্যবহার করা হয়।আরও পড়ুন:
গয়ারের মতে, কম জায়গায় বেশি ক্যালোরি ও পুষ্টি জোগাতে পারে আলু। গত বৃহস্পতিবার গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ পত্রিকায়। উৎপাদিত আলু খাওয়ার পরীক্ষা অবশ্য হয়নি। সেগুলি গবেষণাগারে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।