পুবের কলম, মুম্বই: সদ্য কার্যকর হওয়া ‘মহারাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় দায়ের হওয়া মামলায় এক মুসলিম যুবককে আগাম জামিন দিল মুম্বইয়ের একটি দায়রা আদালত। হিন্দু স্ত্রীকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তরুণীর মা। গত শুক্রবার দিনদোশি সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক পি এ সানে ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্ত স্বামীর আগাম জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, রাজ্যে নতুন ধর্মান্তকরণ বিরোধী আইন কার্যকর হওয়ার পর মুম্বইয়ে এটিই প্রথম মামলা।
তরুণীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বেআইনি ধর্মান্তকরণের মামলা রুজু করেছিল।
বিচারক পি এ সানে প্রশ্ন তোলেন, যেখানে নিকাহ সম্পন্ন হওয়ার কোনো রেকর্ডই নেই, সেখানে শুধুমাত্র আমন্ত্রণপত্রে একটি মুসলিম নাম উল্লেখ থাকলেই কি ধর্মান্তকরণ প্রমাণিত হয়? নির্দেশনায় বিচারক স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, "নিকাহ সম্পন্ন হওয়ার বিষয়টি নথিতে উঠে আসেনি। আর অভিযোগকারীর মেয়ের যে ছবি এবং বোরখা পরিহিত অবস্থার কথা বলা হচ্ছে, তা তাঁকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে বলে বিশ্বাস করার একমাত্র ভিত্তি হতে পারে না।" বেআইনি প্রলোভন বা জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগের সপক্ষে কোনো প্রাথমিক উপাদান আদালত খুঁজে পায়নি। সব দিক বিবেচনা করে আদালত সিদ্ধান্তে পৌঁছায় যে, এই মামলায় অভিযুক্ত স্বামীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই। সেই মোতাবেক তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়।