পুবের কলম ওয়েব ডেস্ক:  বাংলাদেশে এখনও নিষিদ্ধ রয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। এককালের এই শাসকদল আবার কবে ভোটে লড়তে পারবে, তা নিয়ে স্পষ্ট কোনও ধারণা নেই। তবে এবার আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করার ভাবনাচিন্তা শুরু করেছে সে দেশের বর্তমান বিএনপি সরকার। প্রয়োজনে বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে এই পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আগামী ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই বাংলাদেশের নানা প্রান্তে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে।

তারেক রহমানের সরকারের দাবি, এই অশান্তির নেপথ্যে আওয়ামী লীগের ছাত্র ও শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে। ‘প্রথম আলো’-য় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মীর শাহে আলম অভিযোগ করেছেন যে, নিষিদ্ধ সংগঠনটি দু’-একটি জায়গায় পেট্রলবোমা ছুড়ে ও থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে এবং এর মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে নতুন কিছু করতে চাইছে। তবে এসব করে কোনও লাভ হবে না বলে স্পষ্ট জানান তিনি। প্রতিমন্ত্রীর দাবি, তারেক সরকার গণতন্ত্রের প্রতি আস্থাশীল এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু বিচার করে। গত সরকারের মতো গুম, হত্যা বা গুলি চালিয়ে তারা কিছু নির্মূল করতে চায় না।
বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে প্রমাণিত হয়েছে দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে কোনও ভুল করেনি। এবার সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে শাসক ও বিরোধী দলগুলি একমত হয়ে এই সিদ্ধান্ত নেবে।
গত কয়েক দিনে গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা ও পাবনার মতো একাধিক জেলায় অশান্তি ছড়িয়েছে। বুধবার গভীর রাতে চট্টগ্রামে পূর্বতন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক ভিটেতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে হামলা এবং গোপালগঞ্জের মুকসুদপুর ও টুঙ্গিপাড়া থানায় আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এই অশান্তিতে বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, তবে যথেষ্ট হয়েছে—সরকার এবার এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চায়।