উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বাইরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কা।আকাশজুড়ে দুর্যোগের মেঘ, সঙ্গে দমকা হাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টি। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এক অনন্য মানবিকতার নজির গড়লো ডায়মন্ডহারবার পুলিশ জেলার উস্তি থানার পুলিশ।বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত এক তরুণীর বিয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে প্রকৃত অভিভাবকের ভূমিকা পালন করলেন থানার ওসি রাহুল কুমার-সহ পুলিশ কর্মীরা।দেউলার ‘আশরা শক্তি সদন’ আবাসিক হোমের আবাসিক রুমা।

জন্মের পর থেকেই বাবা-মায়ের স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত সে। এই হোমের চার দেওয়ালের মধ্যেই কেটেছে তার শৈশব ও বেড়ে ওঠার দিনগুলি। হোমের আবাসিক এবং পরিচালকরাই হয়ে উঠেছিলেন তার পরিবারের সদস্য। সময়ের সঙ্গে সঙ্গে রুমার জীবনে আসে নতুন অধ্যায়।শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ স্থির হয়।
কিন্তু বিয়ের প্রস্তুতির মধ্যেই সামনে আসে একটি বড় প্রশ্ন—মা-বাবাহীন রুমার বিয়েতে অভিভাবকের দায়িত্ব পালন করবেন কে?রুমার জীবনের এই বিশেষ মুহূর্তে পাশে দাঁড়ায় উস্তি থানার পুলিশ। থানার ওসি রাহুল কুমার এবং তাঁর সহকর্মীরা এগিয়ে এসে বিয়ের যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। পুলিশকর্মীদের উদ্যোগেই শুরু হয় বিয়ের প্রস্তুতি।কেনাকাটা থেকে শুরু করে বিয়ের মণ্ডপ সাজানো এবং অতিথি আপ্যায়ন—প্রতিটি ক্ষেত্রেই ছিল তাঁদের আন্তরিক উদ্যোগ।
ঘূর্ণিঝড় ‘আকভান’- এর আশঙ্কা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নির্ধারিত দিনে বসে বিয়ের আসর। সানাইয়ের সুর, উলুধ্বনি আর আনন্দের আবহে চার হাত এক হয় রুমা ও শান্তনুর। বিয়ের অনুষ্ঠানে কন্যার অভিভাবকের মতো সমস্ত দায়িত্ব পালন করেন ওসি রাহুল কুমার ও তাঁর সহকর্মীরা। নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন হোমের আবাসিক, পরিচালন কর্তৃপক্ষ এবং আমন্ত্রিত অতিথিরা। অতিথিদের জন্য ছিল বিরিয়ানি, মিষ্টি-সহ নানা পদের খাবারের আয়োজন।দুর্যোগের আশঙ্কার মধ্যেও পুলিশের এই মানবিক উদ্যোগ ঘিরে খুশির আবহ তৈরি হয় এলাকায়। সাধারণত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের এমন পারিবারিক ভূমিকায় দেখে আবেগাপ্লুত হন উপস্থিত অনেকেই।রুমার জীবনে নতুন সংসার শুরুর দিনে উস্তি থানার পুলিশকর্মীরা যেভাবে পরিবারের সদস্য হয়ে পাশে দাঁড়ালেন, তা শুধু একটি বিয়ের আয়োজন নয়, বরং মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।