‘যারা আমার জীবন অন্ধকার করে দিয়েছে, তারাই এখন গোটা দেশকে অন্ধকারে ডোবানোর চেষ্টা করছে।’ ২০০২ সালের গুজরাতের সাম্প্রদায়িক হিংসার ভয়াবহ স্মৃতি এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়া নিয়ে ফের নিজের ক্ষোভ ও যন্ত্রণার কথা তুলে ধরলেন বিলকিস বানো। তবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নয়, তাঁর দাবি স্বাভাবিক ও যথাযথ ন্যায়বিচার।
আরও পড়ুন:
শনিবার কেরলের কোচির টাউন হলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেরল রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস বানো। সেখানে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা তাঁর জীবন অন্ধকারে ঢেকে দিয়েছিল, সেই অপশক্তিই এখন গোটা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন:
বিলকিস বানো গণধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিতদের সাজা স্থগিত এবং জামিন সংক্রান্ত আইনি সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিলকিসের অভিযোগ, তাঁকে না জানিয়েই এই মামলায় গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি, সাজা স্থগিত ও জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর বক্তব্যও শোনা হয়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই তিনি জামিনের খবর জানতে পেরেছেন বলে দাবি করেন নির্যাতিতা।আরও পড়ুন:
যদিও বিলকিসের এই অভিযোগ খারিজ করেছেন জামিন পাওয়া দুই দণ্ডিতের আইনজীবী। তাঁদের পক্ষে আইনজীবীর দাবি, আইনি প্রক্রিয়ায় কোনও তথ্য গোপন করা হয়নি কিংবা বিলকিস বানোকে অন্ধকারে রাখার চেষ্টা করা হয়নি। ১৮ বছরেরও বেশি সময় কারাবাসে থাকার বিষয়টি বিবেচনা করেই সাজা স্থগিতের আবেদন জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টে প্রায় ১০ বার মামলাটি তালিকাভুক্ত হওয়ার পরেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি আইনজীবীর।
আরও পড়ুন:
তাঁর আরও বক্তব্য, এই মামলায় বিলকিস বানো বা অভিযোগকারিণীর পক্ষ থেকে কোনও আগাম আপত্তির আবেদন দাখিল করা হয়নি। এমনকি বম্বে হাই কোর্টের সংশ্লিষ্ট মামলার নথিতেও বিলকিস বানো পক্ষ হিসেবে ছিলেন না। সেই কারণেই তাঁকে পৃথকভাবে আইনি প্রক্রিয়ায় যুক্ত করার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন আইনজীবী।
আরও পড়ুন:
এদিকে, নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিলকিস। তাঁর আশঙ্কা, গুজরাতে তাঁর ও পরিবারের উপর যে ভয়াবহ অত্যাচার চালানো হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তে এখন তারই পুনরাবৃত্তি ঘটছে। অপরাধীরা এখনও তাঁদের খুঁজে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ন্যায়বিচারের আশায় তাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন বিলকিস।
আরও পড়ুন:
তবে কঠিন পরিস্থিতির মধ্যেও কেরলের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও যত্ন তাঁকে নতুন করে আশাবাদী করেছে বলে জানান তিনি। জীবনের ভয়াবহ ঘটনাগুলিকে দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চান বলেও জানান বিলকিস। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমি প্রতিশোধ চাই না, চাই স্বাভাবিক ন্যায়বিচার।’
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০০২ সালে গুজরাতে সাম্প্রদায়িক হিংসার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের একাধিক সদস্যকে হত্যার ঘটনায় কয়েকজন অভিযুক্ত দোষী সাব্যস্ত হন।
সেই মামলায় দণ্ডিতদের সাজা ও জামিন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি বিতর্ক চলছে।আরও পড়ুন:
সম্মেলনের মঞ্চে বিলকিস বানোকে কৃতজ্ঞতার স্মারক হিসেবে উপহার তুলে দেন ওয়েলফেয়ার পার্টি কেরলের সভাপতি রাজ্জাক পালেরি এবং মহিলা ন্যায়বিচার আন্দোলনের সভাপতি ভি এ ফয়েজা। আয়োজকদের বক্তব্য, এই সম্মান শুধু দলের পক্ষ থেকে নয়, সমগ্র কেরলের মানুষের পক্ষ থেকে জানানো শ্রদ্ধার্ঘ্য। তাঁদের কথায়, “বিলকিস কোনও নির্যাতিতার পরিচয়ে সীমাবদ্ধ নন, তিনি গোটা বিশ্বের সংগ্রামের এক প্রতীক।”
আরও পড়ুন:
এর আগে সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ড. রইসুদ্দিন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, ভারতে গণতন্ত্রের পতন এখন বাস্তবে রূপ নিচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং বিরোধী কণ্ঠস্বর দমন করা হচ্ছে।
আরও পড়ুন:
এর পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে লক্ষ লক্ষ সাধারণ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।