পুরসভা এলাকায় বাড়ি ও বহুতল নির্মাণের নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। ২০০৭ সালের পুর বিল্ডিং বিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীর খসড়ায় বাড়ি তৈরির ক্ষেত্রে ‘গ্রাউন্ড কভারেজ’-এর ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ, জমির মোট আয়তনের কতটা অংশে নির্মাণ করা যাবে, তার বর্তমান সীমাবদ্ধতা অনেকটাই শিথিল হতে চলেছে। পরিবর্তে বাড়ির উচ্চতা অনুযায়ী চারপাশে কতটা জমি ফাঁকা রাখতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন:
নতুন প্রস্তাব কার্যকর হলে একই পরিমাণ জমিতে আগের তুলনায় অনেক বেশি জায়গা জুড়ে বাড়ি বা বহুতল নির্মাণ করা সম্ভব হবে। খসড়া অনুযায়ী, অধিকাংশ নির্মাণের ক্ষেত্রেই চারপাশে বর্তমানে যতটা জমি ছেড়ে রাখতে হয়, তার তুলনায় প্রায় অর্ধেক জায়গা ছাড়লেই চলবে।
আরও পড়ুন:
বর্তমানে চারতলা বা ১০ মিটার পর্যন্ত উচ্চতার বাড়ি তৈরির ক্ষেত্রে পিছনের দিকে ৯ ফুটের বেশি এবং বাকি তিন দিকে ৩ ফুট ১১ ইঞ্চি করে জমি ছেড়ে রাখতে হয়।
প্রস্তাবিত বিধিতে পিছনের দিকে এবং যে কোনও একদিকে ৩ ফুট ২৮ ইঞ্চি করে, বাকি দু’দিকে প্রায় ২ ফুট করে জমি ছাড়ার কথা বলা হয়েছে। ফলে নির্দিষ্ট আয়তনের জমিতে নির্মাণের পরিসর অনেকটাই বাড়বে।আরও পড়ুন:
চারতলার বেশি উচ্চতার বাড়ির ক্ষেত্রেও জমি ছাড়ার নিয়ম শিথিল করার প্রস্তাব রয়েছে। তবে ১০ তলার বেশি বা ২৪.৫ মিটারের বেশি উচ্চতার নির্মাণের ক্ষেত্রে (পাহাড়ি এলাকা বাদে) বাড়ির উচ্চতার ১৫ শতাংশ অথবা সর্বোচ্চ প্রায় পাঁচ মিটার—যেটি কম, সেই পরিমাণ জমি চারদিকে ছেড়ে রাখতে হবে।
আরও পড়ুন:
শুধু নির্মাণের নিয়ম শিথিল করাই নয়, অতিরিক্ত তলা তৈরির সুযোগও বাড়াতে চাইছে রাজ্য। নির্দিষ্ট ফি জমা দিয়ে অতিরিক্ত ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) ব্যবহারের অনুমতি পাওয়ার প্রস্তাব রাখা হয়েছে। খসড়া অনুযায়ী, গ্রিন বিল্ডিংয়ের ক্ষেত্রে জমির সরকারি মূল্য বা আইজিআরের ১০ শতাংশ এবং অন্যান্য নির্মাণের ক্ষেত্রে ২৫ শতাংশ অতিরিক্ত ফি দিয়ে বাড়তি এফএআর কেনার সুযোগ মিলতে পারে।
আরও পড়ুন:
বাণিজ্যিক নির্মাণের ক্ষেত্রেও এফএআর বাড়ানোর প্রস্তাব রয়েছে।
সাধারণ বাণিজ্যিক নির্মাণে এফএআর ৫ এবং কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা ও ট্রানজিট করিডরের ক্ষেত্রে তা ৭ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, সল্টলেক ও নিউটাউনে অন্তত আট কাঠা জমিতে তথ্যপ্রযুক্তি প্রকল্পের জন্য সর্বোচ্চ ৫.৯ পর্যন্ত এফএআর অনুমোদনের প্রস্তাব রয়েছে।আরও পড়ুন:
সরু রাস্তার পাশের জমিতেও নির্মাণের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে নতুন বিধিতে। প্রস্তাব অনুযায়ী, সমতল এলাকায় ১.২ মিটার চওড়া রাস্তা থাকলেও সর্বোচ্চ সাত মিটার উচ্চতার বাড়ি তৈরি করা যাবে। পাহাড়ি পুর এলাকায় এই উচ্চতার সীমা হবে ৪.৫ মিটার। তবে আবাসিক ভবনের ক্ষেত্রে সংলগ্ন রাস্তার প্রস্থ ২.৪ মিটার বা তার বেশি হলেও পাঁচ মিটারের কম হলে, জমির ১০০ মিটারের মধ্যে অন্তত পাঁচ মিটার চওড়া একটি সংযোগকারী রাস্তা থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন:
শিল্প ও আবাসন ক্ষেত্রেও একাধিক নতুন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে রাজ্য। একটি ভবনের মধ্যে একাধিক ছোট সংস্থার কাজের জন্য ‘ফ্ল্যাটেড ফ্যাক্টরি’ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে পার্কিংয়ের বাধ্যবাধকতা কমানো, যান্ত্রিক ও বহুতল পার্কিং ব্যবস্থা এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিকাঠামো গড়ে তোলার প্রস্তাবও রাখা হয়েছে।আরও পড়ুন:
রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আবাসন নির্মাতাদের সংগঠন ক্রেডাইয়ের পশ্চিমবঙ্গ শাখা। সংগঠনের সভাপতি সুশীল মোহতার মতে, শহরাঞ্চলের জমির যথাযথ ব্যবহার নিয়ে নীতি আয়োগেরও নির্দেশিকা রয়েছে। বহু এলাকায় বাড়ির উচ্চতা ও নির্মাণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল। নতুন প্রস্তাব সেই সীমাবদ্ধতা কাটাতে সাহায্য করবে। পাশাপাশি নির্মাণের সুযোগ বাড়লে সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন:
সব মিলিয়ে, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে পুরসভা এলাকায় বাড়ি ও বহুতল নির্মাণের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। তবে খসড়ার প্রস্তাবগুলি চূড়ান্ত বিধিতে কতটা অপরিবর্তিত থাকে, এখন সেদিকেই নজর আবাসন শিল্পের।