পুবের কলম ওয়েবডেস্ক, রাজস্থানের কোটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৯ জন তীর্থযাত্রীর। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার, ২২ নভেম্বর গভীর রাতে কোটার শম্ভুপুরার কাছে কোটা-উদয়পুর জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে তীর্থযাত্রীদের গাড়িটি ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ১৬ জন ছিলেন।

তাঁরা মহারাষ্ট্রের বাসিন্দা। খাটু শ্যাম মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিলেন। রাজেশ যোশী নামে কোটার অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, মৃত ও আহতরা একই পরিবারের সদস্য।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।

আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাজেশ যোশী জানান, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়াও চলছে। তবে কী কারণে গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারল, তা এখনও স্পষ্ট নয়।