দূরপাল্লার সরকারি বাসে অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল রাজ্যের পরিবহণ দপ্তর। এবার থেকে চাইলেই আর অনলাইনে যত খুশি টিকিট বুক করা যাবে না। বাসের মোট আসনের মাত্র ৩০ শতাংশ সংরক্ষিত থাকবে অনলাইন বুকিংয়ের জন্য। বাকি ৭০ শতাংশ আসনের টিকিট কাটতে হবে সরাসরি বাস ডিপো থেকে। এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে রাজ্যের তিনটি পরিবহণ নিগম—ডব্লিউবিটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসিতে।
আরও পড়ুন:
মূলত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগকে কেন্দ্র করে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যে অনিয়ম ও অপব্যবহারের অভিযোগ উঠছিল, তা ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পরিবহণ দপ্তরের আশা, নতুন নিয়ম চালু হলে প্রকৃত যাত্রীদের টিকিট পাওয়ার সমস্যা অনেকটাই কমবে।
পাশাপাশি সরকারি পরিবহণ নিগমগুলির আর্থিক ক্ষতিও নিয়ন্ত্রণে আসবে।আরও পড়ুন:
নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। কিন্তু এই সুবিধা চালুর পর থেকেই দূরপাল্লার বাসের টিকিট বুকিং নিয়ে একাধিক সমস্যা সামনে আসতে শুরু করে। অভিযোগ, অনেক মহিলা যাত্রী বিনামূল্যে টিকিট বুক করেও শেষ পর্যন্ত বাসে উঠছেন না। আবার কেউ কেউ দূরের গন্তব্যের টিকিট কেটে মাঝপথেই নেমে যাচ্ছেন। ফলে নির্দিষ্ট আসন বুক হয়ে থাকলেও বাস্তবে সেই আসন ফাঁকাই থেকে যাচ্ছে।
আরও পড়ুন:
বর্তমান ব্যবস্থায় একজন মহিলা যাত্রী নাম ও ফোন নম্বর ব্যবহার করে একাধিক বাসের একাধিক টিকিট বুক করতে পারছেন।
বিনামূল্যে যাতায়াতের সুযোগ থাকায় অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টিকিট বুক করার প্রবণতা তৈরি হয়েছে বলে অভিযোগ। এর জেরে অনলাইনে মুহূর্তের মধ্যেই বাসের সমস্ত আসন বুকড দেখাচ্ছে। অথচ বাস্তবে বাস ছাড়ার সময় দেখা যাচ্ছে, বহু আসন ফাঁকা। অন্যদিকে, ভাড়া দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক পুরুষ যাত্রীরা অনলাইনে টিকিট না পেয়ে সমস্যায় পড়ছেন। বাধ্য হয়ে তাঁদের অনেক বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে যাতায়াত করতে হচ্ছে।আরও পড়ুন:
এর ফলে একদিকে যেমন সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সরকারি পরিবহণ নিগমগুলিকেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ—দূরপাল্লার সরকারি বাসে এই সমস্যা গত কয়েক মাস ধরেই পরিবহণ দপ্তরের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
আরও পড়ুন:
অবশেষে পরিস্থিতি সামাল দিতে অনলাইন বুকিংয়ে আসনসংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বাসের মোট আসনের ৩০ শতাংশ অনলাইনে বুক করা যাবে। বাকি ৭০ শতাংশ আসন অফলাইন বুকিংয়ের জন্য নির্ধারিত থাকবে। অর্থাৎ, ওই আসনগুলির টিকিট পেতে যাত্রীদের সংশ্লিষ্ট বাস ডিপোয় গিয়ে বুকিং করতে হবে। অনলাইন বুকিংয়ের নির্ধারিত ৩০ শতাংশ আসনের মধ্যেই মহিলাদের বিনামূল্যে টিকিটের সুবিধাও বহাল থাকবে।
আরও পড়ুন:
তিনটি পরিবহণ নিগমের তরফেই শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শনিবার থেকেই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। ফলে নতুন ব্যবস্থার বিষয়ে আগে থেকে অবগত না থাকায় শনিবার অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েছেন।
আরও পড়ুন:
পরিবহণ দপ্তরের এই সিদ্ধান্তে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরবে কি না, এখন সেটাই দেখার।