যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা থামার কোনও লক্ষণ নেই। এবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের কাজে ব্যবহৃত একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এই হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন ওই খাবার বিতরণের গাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার বাস্তুচ্যুত মানুষের কাছে খাবার ও পানীয় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল গাড়িটি। সেই সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলির কাছে খাবার ও পানীয় পৌঁছে দিচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার জন্য গাড়িটি যখন থামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তাঁর কথায়, দরিদ্র মানুষ ও বাস্তুচ্যুত পরিবারগুলির মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিরাও এখন হামলার শিকার হচ্ছেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার শিকার গাড়িটির ভিতরে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’-এর নাম ও প্রতীকযুক্ত কাগজপত্র ছিল। যদিও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গাড়ি তাদের কোনও ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্ব দিকে অবস্থিত হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর দেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে আল জাজিরা। এতে তিনজন আহত হয়েছেন। তাঁদের নাসের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে বিশেষ কোনও পরিবর্তন আসেনি।

ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণের আতঙ্ক নিয়েই দিন কাটাতে হচ্ছে উপত্যকার বাসিন্দাদের।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর মধ্যেই গাজায় নতুন করে দুর্ভোগ বাড়িয়েছে শীতের বৃষ্টি ও বন্যা। বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবু পানিতে ডুবে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটের মধ্যে প্রকৃতির এই দুর্যোগে আরও বিপাকে পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।