পুবের কলম ওয়েবডেস্ক, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছিল। তারপর থেকেই প্রতিবেশীদের কটূক্তি এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে অভিযোগ পরিবারের। প্রায় সাত-আট মাস ধরে মানসিক অবসাদে ভোগার পর শুক্রবার নিজের বাড়ি থেকে উদ্ধার হল ৪৩ বছর বয়সি বানু বেগমের দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বানুর নাম বাদ পড়েছিল। ফলে এ বছর ভোট দিতে পারেননি তিনি। পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর কয়েকজন প্রতিবেশী নিয়মিত তাঁকে কটূক্তি করতেন। ভোটার তালিকায় নাম না থাকলে সরকারি সুযোগ-সুবিধা মিলবে না, এমনকি তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও ভয় দেখানো হত। বানুর ভাই মন্টু আলমের দাবি, এই ধরনের কথাবার্তায় তাঁর দিদি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

গত সাত-আট মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি। চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি হয়নি। পরিবারের আর এক আত্মীয় আসিমা খাতুনের অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকায় বানু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ও রেশন থেকেও বঞ্চিত হয়েছিলেন। প্রতিবেশীদের কটূক্তি তাঁর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল।

শুক্রবার পরিবারের সদস্যেরা বাড়ির ভিতর থেকে বানুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। ধূপগুড়ি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় সিপিআই(এম) নিরপেক্ষ তদন্ত এবং মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে। দলের স্থানীয় নেতা জয়ন্ত মজুমদারের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে এলাকায় ভয় ও বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে।