পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূল বা সিপিএমের যেসব কর্মীর এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তাঁদের দলের বিভিন্ন মোর্চা সংগঠনে নেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। শুক্রবার দলের এক রুদ্ধদ্বার বৈঠকে এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল। দলীয় সূত্রে খবর, জেলা, মণ্ডল বা বুথস্তরে অন্য দলের ভালো কর্মীরা আসতে চাইলে তাঁদের শাখা বা মোর্চা সংগঠনে যুক্ত করা হবে। এক বছর তাঁদের মোর্চায় রেখে পর্যবেক্ষণ করা হবে যে, তাঁরা বিজেপির আদর্শে নিজেদের তৈরি করতে পারছেন কি না।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূলের একটি বড় অংশ বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা চালালেও, রাজ্যস্তরে মূল দলে তাঁদের নেওয়ার দরজা বন্ধ রেখেছে পদ্ম শিবির।

এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ছিল রাজ্যসভা, যেখানে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় ও কোয়েল মল্লিক-সহ মোট চারজনকে বিজেপিতে নিয়ে প্রার্থী করে জিতিয়ে আনা হয়েছে। তবে নিচুতলায় তৃণমূল থেকে অনেকেই হঠাৎ গেরুয়া পতাকা হাতে বিজেপিতে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে বারবার সতর্ক করতে হয়েছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বহু বুথে এখনও বিজেপির সংগঠন ও কর্মীর অভাব রয়েছে। সেই ঘাটতি মেটাতেই মূলত অন্য দলের স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের মোর্চায় নেওয়ার পথ খোলা হল।
অন্যদিকে, দলে অরাজকতা ও বিশৃঙ্খলা রুখতে আরও কঠোর অবস্থান নিয়েছে বিজেপি নেতৃত্ব।
শুক্রবারের বৈঠকে সুনীল বনশল এবং শমীক ভট্টাচার্য স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দলের নির্দেশ না মানলে বা বাড়াবাড়ি করলে নেতা, বিধায়ক কিংবা মন্ত্রী—কাউকেই রেয়াত করা হবে না। রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির একাংশের বিরুদ্ধে দলবিরোধী কাজ, অভ্যন্তরীণ কোন্দল এবং নিচুতলায় তোলাবাজি ও দখলদারির অভিযোগ উঠছে। পাশাপাশি দল ও সরকারের মধ্যে সমন্বয়ের অভাবও প্রকট হয়েছে।
এই পরিস্থিতি সামাল দিতে একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বিধানসভা ভোটের সময় তৈরি করা বিধানসভা ভিত্তিক কনভেনর পদের বর্তমানে কোনও অস্তিত্ব নেই, তাই সেই পরিচয় ব্যবহার করা অবিলম্বে বন্ধ করার বার্তা দিয়েছে রাজ্য বিজেপি। একইসঙ্গে বিধায়ক বা মন্ত্রীর ‘প্রতিনিধি’ হিসেবেও কেউ নিজের পরিচয় দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সুনীল বনশল। এছাড়া নিচুতলার যে কোনও সমস্যা বা গন্ডগোল জেলা ইনচার্জের মাধ্যমেই মেটাতে হবে এবং সেই সমস্ত বিষয় নিয়ে সরাসরি রাজ্য সভাপতির কাছে আসা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।