আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব মিলেছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে তাঁর শরীরে বিষক্রিয়া হল, তা এখনও স্পষ্ট নয়। বিধায়কের অসুস্থতার কারণ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
আরও পড়ুন:
জেলা সূত্রে খবর, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জে নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।আরও পড়ুন:
সূত্রের খবর, বসিরহাট হাসপাতালে পৌঁছনোর সময় রেখার জ্ঞান ছিল না। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল এবং স্যালাইনও চলছিল। সেই অবস্থাতেই কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে।
আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউয়ের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি বিধায়ক। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে চিকিৎসকদের মধ্যে। এদিকে, সকালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন।আরও পড়ুন:
যদিও হাসপাতালে উপস্থিত বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার দাবি করেছেন, রেখা পাত্র ভালো আছেন। তবে হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
আরও পড়ুন:
কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রেখা? তাঁর শরীরে কীভাবে বিষক্রিয়া হল? এই প্রশ্নগুলির উত্তর এখনও মেলেনি।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও বিস্তারিত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্য বা জেলা বিজেপি নেতৃত্বের তরফেও অসুস্থতার কারণ নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে বিধায়কের অসুস্থতাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, সন্দেশখালির আন্দোলনের সময় তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রতিবাদে সামনের সারিতে ছিলেন রেখা পাত্র। সেই আন্দোলনের পর তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। যদিও লোকসভা নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি। পরবর্তী সময়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন।
আরও পড়ুন:
সম্প্রতি দলের জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেও আলোচনায় এসেছিলেন রেখা। জেলার বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয় না বলে অভিযোগ করেছিলেন তিনি। এর মধ্যেই তাঁর আকস্মিক অসুস্থতার ঘটনায় রাজনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। আপাতত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক।