পুবের কলম, ওয়েবডেস্ক: টিপু সুলতানের জন্মবার্ষিকীর শোভাযাত্রা চলাকালীন শব্দদূষণ সংক্রান্ত নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করল মহারাষ্ট্র পুলিশ। শনিবার পুলিশ সূত্রে এই তথ্য জানানো হয়েছে। এর পাশাপাশি, শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেম বসানো তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, শোভাযাত্রা চলাকালীন আইনত অনুমোদিত সীমার চেয়ে বেশি শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করার অভিযোগেই অভিযুক্তদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শোভাযাত্রা চলাকালীন শব্দের তীব্রতা খতিয়ে দেখতে পুলিশ দলগুলি বিশেষ শব্দমাত্রা পরিমাপক যন্ত্র ব্যবহার করে এবং প্রয়োজনীয় পরিমাপ ও অন্যান্য তথ্য নথিবদ্ধ করে। নির্ধারিত আইনি সীমা অতিক্রম করে লাউডস্পিকার ও সাউন্ড সিস্টেম চালানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। লাতুর শহরের তিনটি পৃথক থানায় এই ঘটনাগুলির প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
জনবহুল এলাকায় শোভাযাত্রা ও উৎসবের সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে পুলিশ প্রশাসন কড়া অবস্থান নিয়েছে। আইনত নির্ধারিত শব্দমাত্রার সীমা লঙ্ঘন করলে ভবিষ্যতেও একইভাবে সাউন্ড সিস্টেম ও যানবাহন বাজেয়াপ্ত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।