পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের সাহারানপুরে পুলিশের কাছ থেকে ‘গার্ড অফ অনার’ পেলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। নিয়ম অনুযায়ী, কেবল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরাই এই সম্মান পেয়ে থাকেন। ফলে একজন সাধারণ সাংসদকে কেন এই সম্মান দেওয়া হল, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও পুলিশের দাবি, সুপ্রিম কোর্টের এক বিচারপতির জন্য এই ব্যবস্থা করা হয়েছিল এবং ভুলবশত তা ওয়েইসিকে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে সুপ্রিম কোর্টের এক বিচারপতির যাওয়ার কথা ছিল।

প্রথা মেনে তাঁকে গার্ড অফ অনার দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল জেলা পুলিশ। কিন্তু ভোটপ্রচারের মাঝে বিশ্রাম নিতে কোনও পূর্বপরিকল্পনা ছাড়াই আচমকা সার্কিট হাউসে হাজির হন ওয়েইসি। সেই সময় সেখানে উপস্থিত পুলিশকর্মীরা ভুলবশত তাঁকেই গার্ড অফ অনার দিয়ে দেন। আকস্মিক এই পরিস্থিতিতে প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও পরে পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।
এই ঘটনায় ভুল স্বীকার করে নিয়েছেন সাহারানপুরের পুলিশ সুপার।
তিনি স্পষ্ট জানান, ওয়েইসির এই সম্মান পাওয়ার কথা ছিল না; একজন বিচারপতির জন্য এর বন্দোবস্ত করা হয়েছিল। কার গাফিলতিতে এমন ভুল হল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকরা দীর্ঘদিন ধরেই ওয়েইসিকে বিজেপির ‘বি টিম’ বলে অভিযোগ করে আসছে। উত্তরপ্রদেশে এবার চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নামছেন ওয়েইসি এবং ইতিমধ্যেই জেলায় জেলায় জোর প্রচার চালাচ্ছেন। ভোটের মুখে যোগী আদিত্যনাথের রাজ্যে পুলিশের এই গার্ড অফ অনার ঘিরে বিরোধীদের তরফে রাজনৈতিক খোঁচা আসার সম্ভাবনাও প্রবল হয়ে উঠেছে।