মৃত্যুর ২২৭ বছর পরও ইতিহাসের পাতায় নিজের গুরুত্ব ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। এবার তাঁর সংরক্ষিত একগুচ্ছ চুল নিলামে বিক্রি হলো ৪ হাজার ডলারে। সম্প্রতি রিচমন্ড অকশনস নামে একটি নিলাম সংস্থার আয়োজনে চুলগুলো বিক্রি হয়। তবে এগুলোর নতুন মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
নিলাম সংস্থার তথ্য অনুযায়ী, চুলগুলো একটি ফ্রেমে বাঁধাই করে সংরক্ষণ করা হয়েছিল। একসময় এগুলোর মালিক ছিলেন জন গ্যাডসবি। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে জর্জ ওয়াশিংটনকে নিজের বাড়িতে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন তিনি।
পরে গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে চুলগুলো সংগ্রহ করেন জন কে ল্যাটিমার নামে এক সংগ্রাহক।আরও পড়ুন:
জর্জ ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব এবং জীবনের শেষ সময়ের ঘনিষ্ঠতার স্মারক হিসেবেই চুলগুলো সংরক্ষণ করেছিলেন গ্যাডসবি। তাঁর নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটনের মৃত্যুর আগে তাঁকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন তাঁর দাদা। পরে চুলগুলো একটি ফ্রেমে বাঁধাই করে নিজেদের বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে ঝুলিয়ে রাখা হয়েছিল। ছোটবেলা থেকেই তিনি সেখানে সেগুলো দেখে আসছেন।
আরও পড়ুন:
নিলাম সংস্থার আরও তথ্য অনুযায়ী, ১৭৯৮ ও ১৭৯৯ সালে জর্জ ওয়াশিংটনের জন্মদিন উপলক্ষেও আয়োজিত দুটি অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করেছিলেন গ্যাডসবি।
আরও পড়ুন:
তবে ওয়াশিংটনের চুল বিক্রির ক্ষেত্রে ৪ হাজার ডলারই সর্বোচ্চ দাম নয়। ২০২১ সালে তাঁর মৃত্যুর কাছাকাছি সময়ে অথবা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা তিনটি চুল একটি লকেটের মধ্যে সংরক্ষিত অবস্থায় প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
আরও পড়ুন:
১৭৩২ সালে জন্মগ্রহণকারী জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। দেশটির সংবিধান প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ১৭৮৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরপর দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ১৭৯৭ সালে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
ওয়াশিংটনের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং তাঁর সঙ্গে সম্পর্কিত স্মারক আজও সংরক্ষিত রয়েছে। ভার্জিনিয়ায় অবস্থিত তাঁর সাবেক বাসভবন মাউন্ট ভার্ননের সংগ্রহশালায় তাঁর চুলের অন্তত ৫০টি নমুনা রাখা আছে। বর্তমানে ওই বাসভবনটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আরও পড়ুন:
মাউন্ট ভার্ননের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, উনিশ শতকে প্রিয়জনের চুল সংরক্ষণ করে প্রদর্শনের প্রচলন বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে জর্জ ওয়াশিংটনের মতো বিত্তশালী পরিবারগুলোর মধ্যে এই রীতি আরও আগে থেকেই প্রচলিত ছিল।
আরও পড়ুন:
শুধু চুলই নয়, ওয়াশিংটনের ব্যবহৃত বিভিন্ন স্মারকও নিলামে বিপুল দামে বিক্রি হয়েছে। গত জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তাঁর স্বাক্ষরিত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে সৈন্য নিয়োগের আবেদন জানিয়ে চিঠিটি লেখা হয়েছিল।