পুবের কলম, ওয়েবডেস্ক: বিগত তিন বছরে হিমাচল প্রদেশে বেআইনি ধর্মান্তকরণের অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে, এই মামলাগুলির একটিতেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত দোষী সাব্যস্ত হননি বা কারও সাজা ঘোষণা হয়নি। শনিবার, ২১ নভেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে সরকারি নথির এই পরিসংখ্যান পেশ করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের ১ নভেম্বর পর্যন্ত রাজ্যের পুলিশ দপ্তরে ধর্মান্তকরণ সংক্রান্ত মোট ১৫টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৮টি অভিযোগ এসেছিল কাংড়া জেলা থেকে, তবে সেগুলির একটির ক্ষেত্রেও এফআইআর দায়ের হয়নি।
বিধানসভায় পেশ করা তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ধর্মান্তকরণ সংক্রান্ত মোট ৮টি অভিযোগ জমা পড়ে, যার ভিত্তিতে ১টি এফআইআর দায়ের হয়। ২০২৪ সালে ৩টি অভিযোগের ভিত্তিতে ২টি মামলা রুজু করা হয়। ২০২৫ সালে ১টি অভিযোগ জমা পড়ে এবং সেটির ভিত্তিতে ১টি এফআইআর দায়ের হয়। ২০২৬ সাল (১ নভেম্বর পর্যন্ত) ৩টি অভিযোগের ভিত্তিতে ২টি এফআইআর নথিভুক্ত হয়েছে।
সরকারি নথি বলছে, দায়ের হওয়া ছয়টি এফআইআর-এর মধ্যে দেহরা, হামিরপুর, কুলু, মান্ডি, সিমলা এবং উনা—এই ছয়টি জায়গায় একটি করে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার হওয়া মোট ১৯ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জনই গ্রেপ্তার হয়েছেন রাজধানী সিমলা থেকে। এছাড়া উনায় ৪ জন, কুলুতে ৩ জন এবং হামিরপুরে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মান্তকরণ সংক্রান্ত মামলাগুলির ওপর নজরদারির জন্য রাজ্য স্তরে কোনো পৃথক সেল গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে প্রশাসন। রাজ্যের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্য স্তরে এমন কোনো পৃথক সেল তৈরির পরিকল্পনা নেই; বরং থানা স্তরেই প্রতি মাসে নিয়মিতভাবে এই মামলাগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয়।