পুবের কলম, ওয়েবডেস্ক: সম্প্রদায়কে রক্ষা করার নামে প্রত্যেক হিন্দু পরিবারকে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র রাখার নিদান দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিলেন তেলঙ্গানার গোশামহলের বিধায়ক টি রাজা সিং। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে উত্তরপ্রদেশে একদল মানুষের মাঝে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে তাঁকে এই মন্তব্য করতে দেখা গিয়েছে। ভিডিওতে তিনি মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণে হিন্দু সম্প্রদায়ের বিপদের আশঙ্কা প্রকাশ করে ‘হাম দো হামারে দো’ আইন চালুর দাবি জানান এবং তা না হলে ঘরে ঘরে বন্দুক রাখার কথা বলেন। তবে প্রাক্তন বিজেপি নেতা রাজা সিংয়ের এই মন্তব্য এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিওতে টি রাজা সিং দাবি করেন, একটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে আগামী ২০ বছরে মুসলিম জনসংখ্যা তিন গুণ বৃদ্ধি পাবে। যদিও তিনি কোনো সংবাদপত্র বা সংবাদমাধ্যমের নাম উল্লেখ করেননি।
আরও পড়ুন:
ভিডিওতে বিধায়ককে প্রশ্ন তুলতে শোনা যায়, "মুসলিম জনসংখ্যা বাড়লে হিন্দুরা কি নিরাপদ থাকবে?" প্রতিবেশী দেশ পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের, বিশেষত নারীদের ওপর অত্যাচার ও ধর্মান্তকরণের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, "যদি ‘হাম দো হামারে দো’ আইন পাস না হয়, তবে প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রাখা জরুরি হয়ে পড়েছে।
কারণ, আমাদের সম্পত্তি কিংবা মা-বোনেরা কেউই নিরাপদ নন।" পাশাপাশি উত্তরপ্রদেশের অস্ত্র সংস্কৃতির প্রশংসা করে তিনি তা গোটা দেশে চালু করার সওয়াল করেন। তাঁর মন্তব্য, "এখানে (উত্তরপ্রদেশে) প্রতিটি বাড়িতে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রয়েছে। একইভাবে ভারতের প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থাকা উচিত।"