পুবের কলম ওয়েব ডেস্ক: লোকসভায় আসন পুনর্বিন্যাস বিল (ডিলিমিটেশন বিল) পাশ করাতে প্রয়োজনীয় সংখ্যাবল না থাকায় বিরোধী সাংসদদের বিপুল অঙ্কের টাকার টোপ দিচ্ছে বিজেপি এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন উদ্ধবপন্থী শিব সেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, মহারাষ্ট্রের বিরোধী সাংসদদের সমর্থন জোগাড় করতে মরিয়া গেরুয়া শিবির সোজাপথে ব্যর্থ হয়ে এবার মাথাপিছু ১৫০ কোটি টাকা করে প্রস্তাব দিচ্ছে।
শিব সেনার উদ্ধব শিবিরের অন্যতম মুখ রাউত জানান, দু’দিন আগে পর্যন্তও সাংসদদের ১০০ কোটি টাকা করে প্রস্তাব দেওয়া হচ্ছিল। কিন্তু গত দু’দিনে সেই অঙ্ক আরও ৫০ কোটি টাকা বেড়ে ১৫০ কোটিতে পৌঁছেছে। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের প্রথম সারির নেতাদের সাংসদ জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে কোন কোন সাংসদ এই প্রস্তাব পেয়েছেন, তাঁদের নাম প্রকাশ্যে আনেননি রাউত। উলটে তিনি মন্তব্য করেছেন, মহারাষ্ট্রের কোনও বিরোধী সাংসদ যদি এই বিলকে সমর্থন করেন, তবে যেন এই ১৫০ কোটি টাকার অঙ্কটি মাথায় রাখা হয়। যদিও এই গুরুতর অভিযোগের সপক্ষে তাঁর কাছে আদৌ কোনও প্রমাণ আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে হলে সংবিধান সংশোধনীর প্রয়োজন। সেক্ষেত্রে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কাজ হবে না, লোকসভায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬২ জন সাংসদের সমর্থন দরকার।
গত ১৭ এপ্রিল এই বিল নিয়ে ভোটাভুটিতে ৩৬২-র ধারেকাছেও পৌঁছতে পারেনি বিজেপি, তাদের থামতে হয়েছিল ২৯৪-এ। তবে এবার সময় নিয়ে ঘর গুছিয়েই ভোটাভুটিতে নামতে মরিয়া শাসক শিবির। গত সাত মাসে নানা কৌশলে প্রকাশ্যে এনডিএ-র শক্তি যেমন বেড়েছে, তেমনই সাংসদ সংখ্যা অনেকটা কমেছে ইন্ডিয়া শিবিরের। তৃণমূল ভেঙে ২০ জন এবং শিব সেনার উদ্ধব শিবিরের ৬ জন সাংসদ যুক্ত হওয়ায় এনডিএ-র বর্তমান শক্তি ৩১৯। তবুও কাঙ্ক্ষিত সংখ্যা থেকে তা এখনও অনেকটাই দূরে।

রাজনৈতিক মহলের খবর, তামিলনাড়ুর বিধানসভা ভোটে হারের পর কংগ্রেস পাশ থেকে সরে যাওয়ায় বিজেপির দিকে ঝুঁকেছেন স্ট্যালিন এবং তিনি কংগ্রেসের ‘বিশ্বাসঘাতকতা’-র শোধ নিতে চাইছেন। অন্যদিকে, শরদ পওয়ারের কন্যাকে কেন্দ্রীয় মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে, ফলে তাঁর এনসিপি-ও শাসক শিবিরে যোগ দিতে পারে বলে জল্পনা রয়েছে। তবে তাতেও পর্যাপ্ত সংখ্যা জুটছে না। ফলে এর বাইরেও ক্রসভোটিংয়ের আশায় রয়েছে গেরুয়া শিবির। আর এই আবহেই বিজেপির বিরুদ্ধে বিরাট আর্থিক টোপ দেওয়ার অভিযোগ তুললেন সঞ্জয় রাউত।