পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৭ সালেই দেশে প্রথম হাই-স্পিড রেল বা বুলেট ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। শুক্রবার সমাজমাধ্যম ‘সাবস্ট্যাক’-এ প্রকাশিত একটি পোস্টে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, প্রথম ধাপে গুজরাতের সুরাট থেকে ভাপি পর্যন্ত বুলেট ট্রেন চলাচল শুরু হবে এবং পরবর্তীকালে ধাপে ধাপে মুম্বই পর্যন্ত সম্পূর্ণ করিডোরটি খুলে দেওয়া হবে।

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরের অন্যতম বড় আকর্ষণ হলো ভারতের প্রথম সমুদ্রতলের রেল সুড়ঙ্গ।

রেলমন্ত্রী জানান, মহারাষ্ট্রে এই করিডোরটি ২১ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবে, যার মধ্যে ৭ কিলোমিটার অংশ থানে ক্রিকের নিচে সমুদ্রের তলদেশ দিয়ে তৈরি হচ্ছে। প্রকল্পের দেশীয়করণের ওপর জোর দিয়ে রেলমন্ত্রী জানান, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এবং বিইএমএল যৌথভাবে সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে ‘বি২৮’ ট্রেনসেট তৈরি করছে, যা ঘণ্টায় ২৮০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে নকশা করা হয়েছে। প্রথম বডি ফ্রেমটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং বর্তমানে সেটির কাঠামোগত পরীক্ষা চলছে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ট্র্যাকে এর পরীক্ষামূলক দৌড় শুরু হওয়ার কথা।

২০১৭ সালে প্রকল্পটি ঘোষিত হওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে যাওয়া নিয়ে সমালোচকদের প্রশ্নেরও জবাব দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি ব্যাখ্যা করেন, রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমতি এবং জমি অধিগ্রহণ আটকে থাকায় মহারাষ্ট্রে প্রায় আড়াই বছর কাজ শুরুই করা যায়নি। এরপর কোভিড অতিমারি আরও দুটি বছর কেড়ে নেয়। রেলমন্ত্রীর কথায়, "২০২১ সাল থেকে প্রকৃত অর্থে পূর্ণদ্যমে নির্মাণকাজ শুরু হয়েছে। তাই সমালোচকরা যখন প্রশ্ন করেন যে বুলেট ট্রেন কোথায়, তখন সৎ উত্তর হলো—গুরুত্বপূর্ণ নির্মাণকাজের বয়স মাত্র পাঁচ বছর। আর এই পাঁচ বছরে কী তৈরি হয়েছে, তা আজ সবার সামনে দৃশ্যমান।"