পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। দলের অধিকাংশ সাংসদ এনসিপিআই-তে যোগ দেওয়ার পাশাপাশি তৃণমূলের প্রতীকে জয়ী ৬৫ জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন, যা পরে ‘গণতান্ত্রিক তৃণমূল’ নামে আত্মপ্রকাশ করে। এবার সেই ঋত শিবিরেও ভাঙনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-এর প্রধান রামদাস আথাওয়ালে। তাঁর দাবি, বিদ্রোহী তৃণমূল বিধায়ক ও সাংসদদের একাংশ তাঁর দল আরপিআই-তে যোগ দিতে পারেন।
এনডিএ-র শরিক দল আরপিআই-এর প্রধান রামদাস আথাওয়ালে বর্তমানে কলকাতায় রয়েছেন।

তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল বিধায়ক তাঁর দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে যোগাযোগ করেছেন। এমনকি তাঁদের কয়েকজনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং বিধায়কদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান আথাওয়ালে। তাঁর আরও দাবি, শুধু বিধায়কই নন, অনেক সাংসদও তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই ঋত শিবিরে ভাঙন ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
এদিকে, কলকাতা পুরসভার নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী রামদাস আথাওয়ালের দল।
এই নিয়ে বিজেপির সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে আরপিআই। তবে আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত না হলে ২০৯টি আসনেই আলাদাভাবে প্রার্থী দিতে পারে তারা। সেই লক্ষ্য সামনে রেখেই বাংলায় সংগঠন তৈরির কাজ শুরু করেছে দলটি। আরপিআই নেতৃত্বের ধারণা, তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের কয়েকজন এই দলে যোগ দিলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরপিআই আলোচনায় উঠে আসবে এবং ধীরে ধীরে ভোটের ময়দানে নামবে। কলকাতা পুরসভা নির্বাচনেই তা সম্ভব হবে কি না, তা নিয়ে দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে।