পুবের কলম, ওয়েবডেস্ক: ২০০২ সালের গুজরাত দাঙ্গায় বিলকিস বানো গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির জামিন সংক্রান্ত মামলায় নতুন মোড়। সুপ্রিম কোর্টে শুনানির আগে বিলকিস বানোকে না জানানো বা তাঁর বক্তব্য না শোনার অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিলেন ওই দুই দোষীর আইনজীবী। শনিবার আইনজীবী আয়ুষ আনন্দ এক বিবৃতিতে দাবি করেন, বিলকিস এবং তাঁর আইনি দলকে বিষয়টি জানানো হয়েছিল এবং জামিন মঞ্জুর হওয়ার আগে এক বছরেরও বেশি সময় ধরে মামলাটি দশবার তালিকাভুক্ত হয়েছিল।

শনিবার প্রকাশিত বিবৃতিতে আবেদনকারী বিপিন যোশী ও প্রদীপ মোধিয়ার আইনজীবী আয়ুষ আনন্দ জানান, "জামিন মঞ্জুর হওয়ার আগে মামলাটি দশবার তালিকাভুক্ত হয়েছিল এবং এক বছরেরও বেশি সময় লেগেছিল।

এই পরিস্থিতিতে আবেদনকারীদের মতে, অভিযোগকারিণী [বিলকিস বানো]-র আইনি দলের পক্ষ থেকে তথ্য গোপনের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভ্রান্ত।" তাঁর আরও দাবি, তথ্য পাওয়ার পরও অপর পক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। বিবৃতিতে বলা হয়, "অভিযোগকারিণী মামলার বিষয়ে অবগত ছিলেন না—আবেদনকারীদের মতে এই দাবি তথ্যগতভাবে ভুল। মামলা বিচারাধীন থাকা এবং নোটিশ জারি হওয়া সত্ত্বেও অভিযোগকারিণীর আইনি দল সেই পর্যায়ে কোনো পদক্ষেপ করেনি, এবং পরবর্তী সময়ে বিষয়টি উত্থাপন করেছে।
"

আইনজীবী আয়ুষ আনন্দের যুক্তি অনুযায়ী, বম্বে হাই কোর্টের মামলায় বিলকিস বানো পক্ষ ছিলেন না, তাই সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আপিলেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, শীর্ষ আদালতে আপিলের ক্ষেত্রে পক্ষ হওয়ার আবেদন জানিয়ে বিলকিস কোনো ‘কেভিয়েট’ দাখিল করেননি। তাঁর কথায়, "এই ধরনের পদক্ষেপের অনুপস্থিতির দায় আবেদনকারীদের ওপর চাপানো যায় না।" তিনি আরও জানান যে, জামিনের আদেশ দেওয়া হয়েছিল ২৮ অক্টোবর, আর তার ১৮ দিন পর ১৬ নভেম্বর বিষয়টি সংবাদমাধ্যমের সামনে আনা হয়। বিবৃতিতে বলা হয়, "দুর্ভাগ্যজনকভাবে বিষয়টিকে এমনভাবে তুলে ধরা হচ্ছে, যেন অভিযোগকারিণী মামলার বিষয়ে অবগত ছিলেন না।"