পুবের কলম ওয়েব ডেস্ক: অসুস্থ হয়ে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। সকালে তাঁর অবস্থা সংকটজনক থাকলেও, পরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। বিধায়কের শরীরে কীটনাশক গিয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার।

পরিবারের আরও দাবি, বসিরহাট জেলা হাসপাতালের রেফারেল কার্ডে উল্লেখ রয়েছে যে রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ বা ভেষজ কীটনাশক মিলেছে।
জানা গিয়েছে, শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়।
কিন্তু অবস্থার কোনও উন্নতি না হওয়ায় শনিবার রাত তিনটে নাগাদ তাঁকে কলকাতার মুকুন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধায়কের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, খাবারে বিষক্রিয়া থেকেই রেখা অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের তরফে তাঁর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, রেখা পুরোপুরি সুস্থ না হলেও আগের চেয়ে ভালো আছেন। বিজেপি তাঁর পরিবারের পাশে রয়েছে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।
উল্লেখ্য, বিধায়ক হওয়ার পর সন্দেশখালিতে পারিবারিক জমি বিবাদ ঘিরে খবরের শিরোনামে এসেছিলেন রেখা পাত্র। এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে, যদিও পরে তিনি সে জন্য ক্ষমা চেয়ে নেন। সেই ঝামেলার পর থেকে সংবাদমাধ্যমের সামনে তাঁকে খুব একটা দেখা যায়নি। দিন পাঁচেক আগে একটি বৈঠকে তাঁকে দেখা গিয়েছিল। আর তার পরই শনিবার রাতে তাঁর গুরুতর অসুস্থতার খবর সামনে এল।